হবিগঞ্জ চণ্ডীছড়া চা-বাগানের তিন ব্যবস্থাপক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকদের গৃহনির্মাণ ও মেরামত করে না দেওয়ায় হবিগঞ্জের রাষ্ট্রীয় মালিকানাধীন চণ্ডীছড়া চা-বাগানের তিনজন ব্যবস্থাপক গতকাল সোমবার চা-শ্রমিকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ছাড়া কোম্পানির উপমহাব্যবস্থাপককেও অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সহস্রাধিক শ্রমিক কাজে যোগদান না করে সকালে বাগানের নাচঘরে গিয়ে সমবেত হন। বাগানের ব্যবস্থাপক ও দুজন সহকারী ব্যবস্থাপক সকাল আটটার দিকে অফিসে এলে শ্রমিকেরা তাঁদের সেখানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় বাগানের উপমহাব্যবস্থাপক এস এম শাহজাহানও অবরুদ্ধ হয়ে পড়েন। ক্ষুব্ধ শ্রমিকেরা একপর্যায়ে চা-বাগানের ব্যবস্থাপক আশরাফুল মতিন চৌধুরী, সহকারী ব্যবস্থাপক সেলিমুর রহমান ও আনোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলে যান চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। তিনি শ্রমিকদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সমঝোতার পরিবেশ সৃষ্টি করলে শ্রমিকেরা দাবি পূরণে ১৫ দিনের সময় দেন। অন্যথায় আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।চা-শ্রমিক পঞ্চায়েত সাধারণ সম্পাদক স্বপন সরকার বলেন, চা-বাগানের পক্ষ থেকে প্রতিবছর বর্ষা মৌসুমের আগেই শ্রমিকদের ঘর তৈরি ও মেরামত করে দেওয়া হয়। কিন্তু এ বছর বর্ষা-বাদল শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত এর কোনোটাই করা হয়নি। ফলে, বিপাকে পড়েছেন শ্রমিকেরা। তিনি বলেন, শ্রমিকেরা ঘর মেরামতের জন্য ডিসেম্বর থেকে তাগিদ দিয়ে আসছেন। এ ছাড়া তাঁরা স্বাস্থ্যসেবা ও বিশুদ্ধ পানির সংকটেও ভুগছেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ এসব ব্যাপারে কোনো নজর দিচ্ছে না।জানতে চাইলে চণ্ডীছড়া চা-বাগানের ব্যবস্থাপক আশরাফুল মতিন চৌধুরী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া কেন্দ্রীয় কার্যালয়ে জানানো হয়েছে। সেখান থেকে অনুমোদন আসতে দেরি হয়েছে।