হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা নেই ১৪ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার পদটি ১৪ মাস ধরে শূন্য। পদটি শূন্য থাকায় পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের শামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা নির্বাচন কর্মকর্তার সর্বশেষ দায়িত্বে ছিলেন মো. ফরহাদ হোসেন। তাঁকে ২০০৯ সালের ১১ অক্টোবর চট্টগ্রামে বদলি করা হয়। এরপর হবিগঞ্জে এ পদে কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। এদিকে, জেলার সর্বত্র নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ১৮ জানুয়ারি পাঁচটি পৌরসভার নির্বাচন। ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনের উপনির্বাচন। এ নির্বাচন ঘিরে নির্বাচনী অফিসের ব্যস্ততা বাড়লেও নির্বাচন কর্মকর্তার পদটি শূন্য থাকায় প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট অফিসের লোকদেরও নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম দায়িত্বে রয়েছেন। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনিরুল হক বলেন, মনোনয়নপত্রের ত্রুটি-বিচ্যুতির ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা হচ্ছে। জ্যেষ্ঠ কর্মকর্তা না থাকলে যা হয়, তাই-ই হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মেয়র প্রার্থী বলেন, এ মুহূর্তে একজন জুনিয়র কর্মকর্তা দিয়ে পুরো জেলার কার্যক্রম পরিচালনা করা ঠিক হচ্ছে না। তিনি শিগগিরই জেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগের দাবি জানান।বর্তমানে দায়িত্বরত হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, একটু ঝামেলা হচ্ছে। সংসদ উপনির্বাচন সামনে রেখে একজন জেলা কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা।