শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে হামলা
হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ এনে গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদেরও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ১০ জন শিক্ষার্থী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশিক্ষণ বাবদ প্রত্যেক ছাত্রের জন্য তিন হাজার টাকা করে বরাদ্দ রয়েছে। কিন্তু ইনস্টিটিউট থেকে তাঁদের দেওয়া হয় মাত্র এক হাজার ২০০ টাকা।শিক্ষার্থী রুবেল বলেন, ‘এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তাঁরা স্পষ্ট কোনো ধারণা বা এর উত্তর দেননি।’ এমনকি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি বলে জানান অপর শিক্ষার্থী সুমন। এ নিয়ে গতকাল দুপুরে ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।বিক্ষোভকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান ক্যাম্পাসে। একপর্যায়ে অধ্যক্ষ প্রদীপ্ত খীসা ক্ষুব্ধ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে অফিসকক্ষের বাথরুমে গিয়ে আশ্রয় নেন। পাশাপাশি হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও মিরপুর সড়ক অবরোধ করে এবং রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় এই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় বাথরুম থেকে উদ্ধার করা হয় অধ্যক্ষ খীসাকে।অধ্যক্ষ প্রদীপ্ত খীসা জানান, অধিদপ্তর থেকে শুধু ১৫৯ জন শিক্ষার্থীর জন্য ছয় লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আসার কথা। কিন্তু এসেছে অর্ধেক টাকা। বিষয়টি বুঝিয়ে বলার পরও তাঁরা পুলিশের সামনেই এই তাণ্ডব চালিয়েছে। তাঁদের কাজের পেছনে কারও ইন্ধন রয়েছে বলে তিনি মনে করেন।