হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ১২ শিক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ১২ জন শিক্ষার্থীকে আচরণবিধি লঙ্ঘন ও পরীক্ষায় নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এসব শিক্ষার্থী চার মাস পর গত বৃহস্পতিবার তাঁদের পরীক্ষার ফলাফল দেখতে গিয়ে বিষয়টি জানতে পারেন।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের আচরণবিধির ১.৮ ধারায় (শিক্ষক, পরিদর্শক বা অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করা) আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন পূরকৌশল বিভাগের মো. আবু হানিফ, রুহুল আমিন, রাকিব হাসান, সাইদ বিন আমিন; ইলেকট্রনিকস বিভাগের আসাদুজ্জামান রাকিব, গোলাম কিবরিয়া; স্থাপত্য বিভাগের ইয়াহিয়া হোসেন ও মনিরুল হক ভূঁইয়া। তাঁরা আগামী দুই বছর কোনো পরীক্ষার অংশ নিতে পারবেন না। এ ছাড়া আচরণবিধির ১.৪ ধারায় (পরীক্ষার সময় আপত্তিকর কাগজ রাখা বা নকল করা) চারজনকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন পূরকৌশল বিভাগের জুলহাস উদ্দিন, ইলেকট্রিক বিভাগের খালেকুজ্জামান, স্থাপত্য বিভাগের রফিকুল ইসলাম ও মো. সুমন। তাঁরা এক বছর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বহিষ্কৃতদের অভিযোগ, সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রদীপ্ত খীসা তাঁদের বিনা নোটিশে বহিষ্কার করেছেন। ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ মহসিনুর রহমান বলেন, এসব শিক্ষার্থী গত ফেব্রুয়ারি-মার্চ মাসে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। সেই সময়কার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে বিদায়ী অধ্যক্ষ প্রদীপ্ত খীসার মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।