হবিগঞ্জ পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজ আটকে গেছে অর্থসংকটে
আর্থিক সংকটের কারণে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণকাজ আটকে যাওয়ার উপক্রম হয়েছে। চলতি অর্থবছরে ৬০ লাখ টাকা বরাদ্দ এলেও পরে তা কেটে নেয় সংশ্লিষ্ট বিভাগ। অথচ এ ভবনটি চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা।হবিগঞ্জ গণপূর্ত অফিস সূত্রে জানা গেছে, দেশের ১১টি জেলায় আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণ প্রকল্পের আওতায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ পাসপোর্ট অফিস তিনতলা ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয় কেন্দ্রীয়ভাবে। এতে মৌলভীবাজার জেলার জেকেজেবি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এ ভবন নির্মাণের কাজ পায়। গত বছরের ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং জেলা গণপূর্ত অফিসের লাগোয়া এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত বছরের মার্চ মাসে শুরু হওয়া এ ভবনের নির্মাণকাজ চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। সরেজমিন হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে নির্মাণাধীন ভবনে গিয়ে দেখা গেছে, তিনতলাবিশিষ্ট এ ভবনের একতলা শেষ করে দ্বিতীয় তলার ছাদের প্রস্তুতি চলছে। শুরুতে ৪০ জন শ্রমিক কাজ করলেও বর্তমানে অর্ধেকের চেয়েও কম শ্রমিক কাজ করছেন। সংশ্লিষ্ট ঠিকাদার ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারাও স্বীকার করেছেন, এ সময়ের মধ্যে তাঁরা এ কাজ সম্পন্ন করতে পারবেন না। একটি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এ ভবন নির্মাণ বাবদ বাজেটে উপবরাদ্দ দেওয়া হয় ৬০ লাখ টাকা। পরে তা অজ্ঞাত কারণে ফেরত যায়।ঠিকাদার আবু সাঈদ পাটোয়ারী জানান, তাঁদের কাজ থেমে নেই। প্রকল্প পরিচালক আতিকুল হক জানান, এসব প্রকল্পের টাকা একসঙ্গে বরাদ্দ আসে না। যে কারণে আর্থিক সংকট চলছে। হবিগঞ্জ গণপূর্ত অফিসে যোগাযোগ করা হলে এ অফিসের নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র ভৌমিক স্বীকার করেছেন, আর্থিক সংকটের কারণে কাজে গতি অনেকটা থেমে গেছে। ৬০ লাখ টাকা ফেরত যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওপরের নির্দেশে এ টাকা ফেরত গেছে, এখানে তাঁর কিছুই করার নেই।