হবিগঞ্জ পৌর এলাকায় খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌর এলাকায় বেশ কিছুদিন ধরে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। পৌর পানি সরবরাহ কেন্দ্র থেকে আগে প্রতিদিন দুই বেলা দুই ঘণ্টা করে পানি সরবরাহ করা হলেও এখন প্রতিদিন ২০ মিনিটও পানি পায় না পৌরবাসী। এতে চরম ভোগান্তিতে পড়েছে তারা।পানির স্তর নেমে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌর পানি সরবরাহ কেন্দ্র।ওই কেন্দ্র থেকে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকায় পানি সরবরাহের জন্য শহরের কালীবাড়ি এলাকায় ১৯৯১ সালে নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় আয়রনমুক্ত পানি সরবরাহকেন্দ্র স্থাপন করা হয়। ২০০৭ সালে ফায়ার ব্রিগেড সড়কে দ্বিতীয় পানি সরবরাহকেন্দ্র চালু করা হয়। এই দুটি পানি সরবরাহকেন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে হবিগঞ্জ পৌরসভা। এর আওতায় এক হাজার ৬২৬ জন গ্রাহক রয়েছেন।শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা গৃহবধূ কামরুন নাহার বলেন, ‘২০ দিন ধরে পানি পাচ্ছি না। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে কোনো রকমে চলছি।’ শহরের নোয়াবাদ এলাকার ব্যবসায়ী মো. আফরোজ বলেন, ‘পানির সংকট কঠিন সংকট। এ সমস্যা নিয়ে পৌরসভায় বারবার অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।’মুসলিম কোয়ার্টার এলাকার গৃহবধূ আমেনা বেগম বলেন, পানির জন্য শহরের প্রতিটি পরিবারে হাহাকার শুরু হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য তোফাজ্জল সোহেল বলেন, ‘নদী, পুকুর, জলাশয় ও খাল-বিল পানির স্তরের ভারসাম্য রক্ষা করে। কিন্তু হবিগঞ্জে বিভিন্ন পুকুর ও জলাশয় ভরাটের কারণে জেলা সদরের পানির স্তর নেমে গেছে বলে মনে হচ্ছে।’পৌরসভার পানি সরবরাহকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী আবদুল কুদ্দুস শামীম বলেন, ‘বর্তমানে পাঁচটি পাম্প দিয়ে পানি তুলে সরবরাহ করা হচ্ছে। স্তর নেমে যাওয়ায় শহরের কিছু কিছু এলাকার লোকজন পানি পাচ্ছে না। তবে শহরের দক্ষিণ দিকের গ্রাহকেরা ঠিকই পানি পাচ্ছেন।’প্রকৌশলী বলেন, ‘পানির সংকট নিরসনে আরও তিনটি পাম্প প্রয়োজন। এ জন্য ৬০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি এগুলো স্থাপনের পর সংকট কাটবে।’