পৌরসভায় গতকাল রোববার দুপুরে হামলা ও ভাঙচুর করেছে কিছুসংখ্যক লোক। এদিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে।হবিগঞ্জ পৌরসভার সচিব জাবেদ ইকবাল চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফ উল্লাহ, সাধারণ সম্পাদক মুকুল আচার্যী এবং একই দলের সুলতান মাহমুদ ও রাজু চৌধুরীসহ অজ্ঞাত আরও অর্ধশত ব্যক্তির নামে একটি অভিযোগ দায়ের করেছেন হবিগঞ্জ সদর থানায়।অভিযোগে জানা গেছে, গতকাল রোববার দুপুর একটার দিকে অর্ধশত ব্যক্তি পৌর কর বৃদ্ধির প্রতিবাদ করে মিছিল নিয়ে ঢোকে হবিগঞ্জ পৌরসভায়। মিছিলকারীরা অতর্কিতভাবে ইটপাটকেল দিয়ে হামলা করে পৌর ভবনে। এ সময় পৌর মেয়র অফিসে ছিলেন না। কর্মকর্তা-কর্মচারীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। হামলাকারীরা পৌরসভার গ্লাসের তৈরি নকশা ও অসংখ্য জানালার গ্লাস ভেঙে ফেলে। পাশাপাশি পৌর ভবনের সামনে রাখা নতুন তিনটি পিকআপ গাড়িও ভাঙচুর করা হয়। পৌরসভার সচিব জাবেদ ইকবাল চৌধুরী জানান, এ হামলায় তাঁদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস বলেন, ‘আমাদের জানমালের নিরাপত্তা নেই। যে কারণে আমরা এ কর্মসূচি নিয়েছি।’ পাশাপাশি পৌরসভার সরবরাহকৃত পানি ও বিদ্যুৎসহ সব সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফ উল্লাহ ও সম্পাদক মুকুল আচার্যীর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এ হামলা করে পুলিশ পাহারায়। হামলাকারীরা ঘটনা ঘটিয়ে আবার পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগও করে বলে তিনি জানান।তিনি আরও জানান, পৌর কর বৃদ্ধির বিষয়টি ছিল তাদের অছিলা। হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফ উল্লাহর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তবে সাধারণ সম্পাদক মুকুল আচার্যী বলেন, পৌর কর অতিরিক্ত বৃদ্ধি করায় সংগঠনের পক্ষ থেকে তাঁরা স্মারকলিপি দিতে গেলে পৌরসভার কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালায় এবং এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, ভাঙচুরের আলামত পাওয়া গেছে এবং অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।