কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসী সংঘর্ষ, আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান এলাকার রাসায়নিক কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন এত্তিয়ারপুর গ্রামের শরীফ মিয়া (৫০), রুবেল (২৮), আবদুস শহীদ (৪৫), সোহেল (২৮) ও জমির আলী (৫০)।

জেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছাতিয়ান এলাকায় প্রায় তিন বছর আগে তিন একর জায়গার ওপর মার লিমি‌টেড নামের একটি প্রতিষ্ঠান রাসায়নিক কারখানা গড়ে তোলে। এ কারখানা বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণ না করে এত্তিয়ারপুর গ্রামের খালে নিজেদের বর্জ্য ফেলছে। এতে উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে।

এ বিষয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘রাসায়নিক কারখানার বর্জ্যে জীবন দুর্বিষহ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

গতকাল মার লিমিটেডের মালিক একরামুজ্জামান কারখানায় এসেছেন খবর পেয়ে প্রতিবাদ জানাতে এলাকাবাসী কারখানায় যান। এ সময় কারখানার ভেতরে আগ থেকেই কিছু লোক অবস্থান করছিলেন। এলাকাবাসী কারখানার প্রধান ফটকের কাছে যাওয়ামাত্রই কারখানার ছাদ থেকে কিছু লোক এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় উত্তেজিত এলাকাবাসীও কারখানার ভেতর ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ১৬ জন আহত হন। এলাকার অধিবাসী খায়রুল ইসলাম ও জসিম উদ্দিন বলেন, গ্রামবাসীর সঙ্গে যে অন্যায় হচ্ছে, তা তুলে ধরতে কারখানার মালিকের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন।

মার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক কাউসারুজ্জামান চৌধুরীর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।