হবিগঞ্জ বিএনপির আরও ১০ নেতার পদত্যাগ
হবিগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির আরও ১০ জন নেতা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তাঁরা পদত্যাগ করেন। দলের নতুন জেলা কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় এ নিয়ে ৩৫ জন নেতা পদত্যাগ করলেন।দলে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না অভিযোগ এনে এবং এর প্রতিবাদ জানিয়ে এই নেতারা পদত্যাগ করেন বলে জানা যায়।ওই ১০ জনের পদত্যাগপত্র কেন্দ্রীয় মহাসচিব বরাবর পাঠানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ পদত্যাগপত্রের অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।পদত্যাগী নেতারা হলেন শ্রমবিষয়ক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৎস্যবিষয়ক সম্পাদক মদ্দত আহমেদ, সদস্য শামছুল আলম চৌধুরী, এম এফ আহমেদ অলি, সৈয়দ অলিউর রহমান, মো. সিদ্দিক আলী, মো. করম আলী এবং উপদেষ্টা সদস্য আফরাজ আফগান চৌধুরী, আজমান আলী ও মীর আবদুল আওয়াল।এর আগে গত ৩০ এপ্রিল একই অভিযোগ এনে নতুন কমিটির তিনজন সহসভাপতি, চারজন যুগ্ম সম্পাদক, তিনজন উপদেষ্টা সদস্যসহ বিএনপির ২৫ জন নেতা নতুন ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করেন।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, শিল্পপতি সৈয়দ এস এম ফয়সলকে সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাধারণ সম্পাদক করে ২০১০ সালের প্রথম দিকে হবিগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে বলা হয়। এদিকে গত ২৬ এপ্রিল কেন্দ্র থেকে আগের সভাপতি, সম্পাদকসহ ১৫১ সদস্যের হবিগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়। এতে দলের কেন্দ্রীয় মহাসচিব (ভারপ্রাপ্ত) মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেন।শ্রমবিষয়ক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মৎস্যবিষয়ক সম্পাদক মদ্দত আহমেদ বলেন, কেন্দ্র থেকে যে কমিটি গঠন করে পাঠানো হয়েছে, তা জেলা বিএনপির সাধারণ কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ, এতে মাঠপর্যায়ের সাংগঠনিক মূল্যায়ন ঘটেনি। তাই প্রকৃত নেতা-কর্মীরা এই কমিটির দায়িত্ব নিতে চাচ্ছেন না।হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, ‘বিএনপি দুর্যোগ কাটিয়ে উঠছে। এ মুহূর্তে সাংগঠনিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও নেতাদের পদত্যাগ দলের জন্য শুভ নয়। আমি আশা করি, মতবিরোধ ভুলে সবাই দলের স্বার্থে এবং সংগঠনকে শক্তিশালী করতে একত্রে কাজ করবেন।’