হবিগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও দুটি অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা আরও দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ নিয়ে মোট পাঁচটি মামলায় ১০৩ জনকে অভিযুক্ত করা হলো। জেলা বিএনপির নেতা-কর্মীরা বলছেন, এসবের উদ্দেশ্য হলো গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করা। হবিগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা ২২ থেকে ২৪ এপ্রিলের হরতাল চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউট, জেলা শিক্ষা অফিস ও শিল্পকলা একাডেমী ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় জেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পাঁচটি মামলা হয়। এ মামলায় গতকাল শনিবার দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয়।বৃন্দাবন সরকারি কলেজের সামনে জেলা পরিষদ অডিটরিয়াম ভাঙচুরের অভিযোগে অডিটরিয়ামের কেয়ারটেকার আবদুর নুর বাদী হয়ে মামলা করেন। এ মামলায় জেলা বিএনপির ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলাটি তদন্ত করেন হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দৌস মুহাম্মদ। সদর উপজেলার ধুলিয়াখাল সড়কে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ রায় বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মুকিত মামলাটি তদন্ত করে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর আগে গত বৃহস্পতিবার তিনটি মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মশাহিদ আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরীসহ ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ পর্যন্ত পাঁচটি মামলায় তাঁরা অভিযুক্ত হলেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘গত হরতালে আমাদের বিরুদ্ধে সাতটি মামলা করা হয়। এর মধ্যে পাঁচটিই করা হয় দ্রুত বিচার আইনে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, সরকার গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।