হবিগঞ্জ বিএনপির ২৫ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের তিন দিনের মাথায় দলের ২৫ জন নেতা একযোগে নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার এই পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবর লিখিতভাবে পাঠানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ পদত্যাগপত্রের অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।দলে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না হওয়ার প্রতিবাদে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।পদত্যাগকারী নেতারা হলেন সহসভাপতি খালিকুজ্জামান চৌধুরী, সামছু মিয়া চৌধুরী ও মনজুর উদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার, নুরুল ইসলাম ও কামাল উদ্দিন; সহদপ্তর সম্পাদক মাহবুবুর রহমান; কোষাধ্যক্ষ এনামুল হক; কৃষিবিষয়ক সম্পাদক মুখলেছুর রহমান তালুকদার; যুববিষয়ক সম্পাদক আজিজুর রহমান; মানবাধিকারবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম; স্বেচ্চ্ছাসেবক-বিষয়ক সম্পাদক এম এম আলী আসগর; তাঁতিবিষয়ক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবীর, প্রচারণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এনামুল হক; বৃক্ষরোপণ-বিষয়ক সম্পাদক নুরুল আনাম খান; সদস্য গোলাম মোস্তফা, শাহ আলম, ফজলুর রহমান, আবদুল কাইয়ুম, রমিজ আলী, মোতাকাব্বির খান ও এম জি মওলা; উপদেষ্টা সদস্য জাহানারা আফসার, এম এ মন্নাফ ও মীর আবদুল আওয়াল।এ বিষয়ে পদত্যাগকারী যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার বলেন, যাঁদের নিয়ে আন্দোলন-সংগ্রাম করি বা যাঁদের দলের প্রতি শ্রম ও মেধা আছে, সেই সমস্ত নেতা-কর্মীকে এই নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়নি। সেই বঞ্চিত নেতাদের পাশে দাঁড়ানোর জন্যই এই পদত্যাগ।জেলা বিএনপির নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, ‘সমস্যা থাকলে কেন্দ্রকে জানানো যেতে পারে অথবা নিজেদের মধ্যে কথা বলে সমাধানে আসা যায়। কিন্তু কী কারণে তাঁরা একযোগে পদত্যাগ করলেন, তা আমার বোধগম্য হচ্ছে না।’জেলা বিএনপি সূত্র জানায়, সৈয়দ এস এম ফয়সলকে সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সাধারণ সম্পাদক করে ২০১০ সালের প্রথম দিকে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। কথা ছিল নতুন কমিটি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নামের তালিকা কেন্দ্রে পাঠাবে। সে অনুযায়ী নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়।অবশেষে গত ২৭ এপ্রিল কেন্দ্র ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এতে স্বাক্ষর করেন।