হবিগঞ্জ বিএনপির ৬৬ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা বিএনপির ৬৬ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা পাঁচটি মামলার মধ্যে তিনটির অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এসব মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়ানোর অভিযোগ উঠেছে।হবিগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা ২২ থেকে ২৪ এপ্রিল হরতাল চলাকালে পলিটেকনিক ইনস্টিটিউট, জেলা শিক্ষা অফিস ও শিল্পকলা একাডেমী ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় হবিগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ওই মামলাগুলো করা হয়। পলিটেকনিক ইনস্টিটিউট ভাঙচুর ও গাড়ি ভাঙার অপরাধে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ রায় বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এ মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। জেলা শিক্ষা অফিস ভাঙচুরের ঘটনায় একই থানার উপপরিদর্শক (এসআই) লিটন কুমার রায় বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী ভাঙচুরের ঘটনায় একাডেমীর তত্ত্বাবধায়ক মোতালিব মিয়া বাদী হয়ে একই ধারায় অপর একটি মামলা করেন। এ মামলায়ও পুলিশ ৩৪ জনকে অভিযুক্ত দেখিয়ে অভিযোগনামা আদালতে জমা দেয়। এ মামলায় অনেক নিরপরাধ ব্যক্তিকে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে।শহরের বাণিজ্যিক এলাকার কৃষি যন্ত্রাংশ ব্যবসায়ী টিপু জানান, তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। অথচ তাঁকে তিনটি মামলায় আসামি করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, গত হরতাল ঘিরে জেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট আটটি মামলা হয়। তার মধ্যে পাঁচটি দ্রুত বিচার আইনে। এসব মামলায় ৯৩৪ জনকে আসামি করা হয়েছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক তিনটি অভিযোগপত্রের সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার বিকেলে আদালতে এগুলো জমা দেওয়া হয়।