হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের চার স্থানে ফাটল, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খোয়াই নদের পানি বেড়ে হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধের চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে। গত দুদিনে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোরে একটি স্থানের ফাটল দিয়ে শহরে পানি ঢোকা শুরু করলে স্থানীয় লোকজন মাটি ও বালু ফেলে তা বন্ধ করে।

এদিকে বাঁধে ফাটল দেখা দেওয়ায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে যেকোনো সময় হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।

স্থানীয় লোকজনের অভিযোগ, খোয়াই নদের বিভিন্ন স্থানে খননযন্ত্র বসিয়ে বালু তোলার কারণে প্রতিরক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। তা ছাড়া দীর্ঘদিন সংস্কার না করায় বাঁধ দুর্বল হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদের পানি বৃদ্ধি পায়। হবিগঞ্জ জেলা সদরের ওপর দিয়ে প্রবাহিত এ নদের শহর প্রতিরক্ষা বাঁধের চারটি স্থানে ফাটল দেখা দেয়। গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে প্রতিরক্ষা বাঁধের মাছুলিয়া এলাকার পশ্চিম দিকে বেশ কিছু অংশ নিয়ে ফাটল দেখা দেয় এবং এ ফাটল দিয়ে পানি ঢুকতে শুরু করে। এ সময় পুরো শহরে আতঙ্ক দেখা দেয়। এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষের সহযোগিতা চাওয়া হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসে এ বাঁধ রক্ষায়। মাটি ও বালু চাপা দিয়ে দীর্ঘ চেষ্টার পর ফাটল বন্ধ করা হয়। এ সময় এলাকাবাসীর সঙ্গে পাউবোর কর্মকর্তারাও ছিলেন।

এ ছাড়া গত সোমবার মধ্যরাতে হবিগঞ্জ শহরের কামড়াপুর, তেঁতুইয়া ও শায়েস্তাগঞ্জের কলিমনগর এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে একই ধরনের ফাটল দেখা দেয়। ওই দিন রাত জেগে এলাকার মানুষ বাঁধ মেরামতের কাজ করে। তবে ফাটল দিয়ে পানি ঢুকতে শুরু করলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দল বেঁধে খোয়াই নদের বাঁধে অবস্থান নেয়। বাঁধের আশপাশের এলাকার নারী-শিশুদের নিজেদের জরুরি জিনিসপত্র নিয়ে অন্যত্র নিরপদ আশ্রয় নিতে দেখা যায়।

গতকাল সরেজমিনে দেখা গেছে, মাটি ও বালুর বস্তা ফেলে ফাটল বন্ধ করা হয়েছে। খোয়াই নদের কামড়াপুর এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর পানি বাঁধ ছুঁইছুঁই করছে।

কামড়াপুর এলাকার বাসিন্দা সফিক আহমেদ বলেন, এ প্রতিরক্ষা বাঁধের কামড়াপুর অংশ অনেক সরু ও নিচু। এ বাঁধ দীর্ঘদিন ধরে মেরামত করা হয় না। এসব কারণে তাঁদের এই অংশে এ ফাটল দেখা দেয়।

মাছুলিয়া এলাকার বাসিন্দা খোকন আহমেদ বলেন, তাঁদের এলাকায় ব্যবসায়ীরা মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে এ বাঁধ ঝুঁকিতে ফেলছেন। একই অভিযোগ করেছেন তেঁতুইয়া এলাকার লোকজন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জের প্রতিরক্ষা বাঁধের যে চারটি স্থানে ফাটল দেখা দিয়েছে, সেসব স্থান এখন অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এসব স্থান ভেঙে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী এম এল সৈকত বলেন, গতকাল বিকেল পাঁচটার সময় খোয়াই নদের পানি বিপৎসীমার ২৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া বাঁধের যেসব এলাকায় ফাটল দেখা দিয়েছে, সেসব এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা মেরামত করতে সক্ষম হয়েছেন।

বাঁধ রক্ষায় জেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়ে জানতে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের মুঠোফোনে কল করা হলেও তিনি তা ধরেননি।