হবিগঞ্জ শহরে কিশোরী ধর্ষণের শিকার দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায় গত সোমবার রাতে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার দুই যুবককে গ্রেপ্তার করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, হবিগঞ্জের ইনাতাবাদ আবাসিক এলাকার ওই কিশোরী (১৪) সোমবার রাত আটটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে যায়। এ সময় ওত পেতে থাকা একই এলাকার দুই যুবক তাকে মুখে কাপড় গুঁজে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা হবিগঞ্জ থানায় একটি মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে লিয়াকত আলী (২০) ও শামীম মিয়া (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।