পুরোনো যন্ত্রাংশ, বিদ্যুৎ লাইন এবং অদক্ষ জনবল
হবিগঞ্জ শহরে পাঁচ-ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না
হবিগঞ্জ জেলা শহরে দিনে-রাতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। আট-দশ দিন ধরে চলছে এ অবস্থা। ফলে শহরের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিদ্যুৎ বিভাগ বলছে, অনেক পুরোনো যন্ত্রাংশ ও বিদ্যুৎ লাইন এবং অদক্ষ লোকবলের কারণে তারা প্রয়োজনীয় সেবা দিতে পারছে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হবিগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, জেলা সদরে গ্রাহকসংখ্যা সাড়ে ১৮ হাজার। প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১০ থেকে ১২ মেগাওয়াট। জাতীয় গ্রিড থেকে এই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
জেলা শহরের বিভিন্ন এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়, আসে পরের দিন মঙ্গলবার দুপুর একটায়। এভাবে গত শুক্র, শনি ও রোববার মোট ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৫৫ ঘণ্টাই বিদ্যুৎবিহীন অবস্থায় কাটে শহরবাসীর। দিনে-রাতে পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে। তাও নিরবচ্ছিন্ন নয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের সমস্যার কারণে ব্যাংকসহ বিভিন্ন কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। বাসাবাড়িতে পানির সংকট চলছে।
শহরের ব্যবসায়ী তৌফিক তালুকদার বলেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বে কেউ আছেন বলে মনে হয় না। একটু বৃষ্টিপাত হলেই ১৬-১৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
রাজনগর এলাকার শিক্ষিকা নাজমা আক্তার বলেন, বাসাবাড়িতে পানির সংকট তো রয়েছেই, পাশাপাশি রেফ্রিজারেটরে রাখা খাদ্যদ্রব্য প্রতিনিয়ত নষ্ট হচ্ছে।
স্থানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনির ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল হালীম ও দৈনিক দেশজমিন পত্রিকার সম্পাদক আলমগীন খান জানান, বিদ্যুতের সমস্যার কারণে তাঁদের প্রকাশনা বন্ধ হয়ে গেছে।
পিডিবির হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদ উল্লাহ ভূঁইয়া বলেন, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে হবিগঞ্জ জেলা সদরে যে বিদ্যুৎ লাইন এসেছে, তা অনেক পুরোনো (ষাটের দশকের)। একটু বৃষ্টিপাত বা ঝড় হলেই লাইনগুলোতে সমস্যা দেখা দেয়। ফিডার, ট্রান্সফরমার এবং বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের যন্ত্রাংশেরও সমস্যা রয়েছে। পাশাপাশি দক্ষ লোকবলেরও সংকট চলছে। সব মিলিয়ে তাঁরা গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিতে পারছেন না। শহীদ উল্লাহ ভূঁইয়া আরও বলেন, কেন্দ্রীয়ভাবে নতুন সংযোগ হচ্ছে। এর কাজ শেষ হতে আরও দেড় থেকে দুই বছর লাগবে। কাজ শেষ হলে হবিগঞ্জবাসীর এ সমস্যা কেটে যাবে।