হবিগঞ্জ শহরে বিদ্যুৎ-ঘাটতি নেই, তবু লোডশেডিং
চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার দুর্লভ সৌভাগ্য রয়েছে হবিগঞ্জ শহরের। ফলে এখানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। কিন্তু তার পরও প্রতিদিন দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি মিলছে না স্থানীয় বাসিন্দাদের।হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, হবিগঞ্জ শহরে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১১ থেকে ১২ মেগাওয়াট। জাতীয় গ্রিডের বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ এ বিদ্যুৎ সরবরাহ করছে। শহরে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।শাহজীবাজার পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক আনিসুজ্জামান জানান, হবিগঞ্জ শহরের চাহিদা অনুযায়ী প্রতিদিন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তাই এক সেকেন্ডও লোডশেডিংয়ের সুযোগ নেই। কিন্তু শহরবাসী জানায়, তার পরও এখানে প্রতিদিন দুপুরে এক ঘণ্টা আর সন্ধ্যার পর এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য, ব্যাংক ও অফিস-আদালতে কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে, পূজা ও ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।হবিগঞ্জের সামাজিক সংগঠন ‘প্রকৃতিজন’-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘চাহিদার অনুপাতে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া গেলেই লোডশেডিংয়ের নিয়ম। কিন্তু আমাদের শহরে অহেতুক এভাবে লোডশেডিং দেওয়ার কারণ জানাতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি)।’ স্থানীয় বাসিন্দা নাজমুল আনাম খান বলেন, ইদানীং শহরে অবৈধ সংযোগ প্রচুর বেড়ে গেছে। লোডশেডিং দিয়ে পিডিবি নিজেদের এ অপকর্ম ঢাকার সুযোগ নিচ্ছে।হবিগঞ্জ পিডিবির আবাসিক প্রকৌশলী শামস এ আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও স্বীকার করেন, এ শহরে বিদ্যুৎ-ঘাটতি নেই। তিনি জানান, পিডিবির প্রধান কার্যালয়ের নির্দেশে এ লোডশেডিং হচ্ছে। সেখান থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে লোডশেডিং দিতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।