হবিগঞ্জ শহরে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে যানবাহন চলাচলে বাইপাসসহ বড় তিনটি সড়ক থাকলেও ব্যবহূত হচ্ছে কেবল একটি সড়ক। এতে শহরের প্রধান সড়কে নিয়মিত যানজটের ফলে জনদুর্ভোগ বাড়ছে। ওই সড়কে দিনের বেলা যান চলাচলে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না।হবিগঞ্জ পৌরসভা সূত্র জানায়, ৯ দশমিক ০৫ কিলোমিটার আয়তনের পৌর শহরের উত্তর-দক্ষিণে রয়েছে প্রধান সড়ক। এ ছাড়া ব্যাক রোড (পেছনের রাস্তা) ও বাইপাস (নতুন সড়ক) নামে পরিচিত আরও দুটি বড় সড়ক রয়েছে। শহরে অনুমোদিত ছয় হাজার রিকশা ও অনুমোদনবিহীন এক হাজারের বেশি টমটম চলাচল করে। এ ছাড়া বাস, ট্রাক, প্রাইভেট কারসহ ২০ থেকে ২৫ হাজার যানবাহন শহরের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে।প্রধান তিনটি সড়ক ঘুরে দেখা যায়, প্রধান সড়কের ওপর যানবাহনের চাপ বেশি। অপর দুটি সড়কে গতিরোধকের সংখ্যা বেশি হওয়ায় যানবাহন চালকেরা ওই দুটি সড়ক এড়িয়ে প্রধান সড়ক ব্যবহারে আগ্রহী।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক ও আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, প্রধান সড়কে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। কিন্তু ওই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না।ব্যবসায়ী হাবিবুর রহমান অভিযোগ করেন, শহরের ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ নেই। এ ছাড়া টমটম চলাচলের কারণে যানজট হচ্ছে।ট্রাকচালক রফিক মিয়া বলেন, ব্যাক রোড ও বাইপাস সড়কে ঘন ঘন গতি নিয়ন্ত্রণ করতে হয়। এই বিরক্তি এড়াতে কেউ ওই রাস্তা দুটি ব্যবহার করতে চায় না।ট্রাফিক সার্জেন্টের দায়িত্বে থাকা হাবিলদার আবদুল মান্নান বলেন, শহরবাসী বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য রাস্তার পাশে ইট-বালু ফেলে রাখেন। এতে যানজট হয়।জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল আমীন শহরের প্রধান সড়কে দিনের বেলা ট্রাক ও বাস চলাচলের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করে বলেন, পবিত্র রমজান উপলক্ষে রাত আটটার বদলে বিকেল পাঁচটার পর থেকে প্রধান সড়কে বাস-ট্রাক চলাচলে ছাড় দেওয়া হচ্ছে। রোজার পর পরিস্থিতি ঠিক হয়ে যাবে। পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, অনুমোদনবিহীন টমটম চলাচলের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতিরোধকের কারণে যে সমস্যা হচ্ছে, তা দূর করা হবে।