হবিগঞ্জ শহরের সড়কগুলোর বেহাল
হবিগঞ্জ শহরের প্রধান রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাধারণ যানবাহনে যাতায়াত করতে সময় লাগত ২০ থেকে ২৫ মিনিট। এখন একই সড়ক পাড়ি দিতে সময় লাগছে তার তিন গুণের বেশি। হবিগঞ্জ শহরের মূল তিনটি সড়কের তিনটিই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো মেরামতের দাবি জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন মানববন্ধনসহ নানা আন্দোলন-কর্মসূচি অব্যাহত রেখেছে। পাশাপাশি হবিগঞ্জ বাসমালিক সমিতি হুমকি দিয়েছে অচিরেই এ রাস্তা মেরামত করা না হলে তাঁরা বাস চলাচল বন্ধে করে দেবেন। হবিগঞ্জ শহরের প্রধান রাস্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী (নতুন রাস্তা) জেলা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। এই দুই রাস্তার মাঝে ব্যাকরোড বা পেছনের রাস্তা নামে পরিচিত সড়কটি হবিগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণাধীন। সড়ক ও জনপথ বিভাগের দুই রাস্তার মেরামতের বছর না ঘুরলেও পৌরসভার রাস্তার সংস্কার হয় না সাত বছর ধরে।প্রধান সড়ক: হবিগঞ্জ শহরের প্রধান রাস্তা চলতি বছরের প্রথম দিকে প্রায় ৮০ লাখ টাকায় পাঁচ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণের পর পরই ভাঙন শুরু হয়। এর ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ঢাকার রানা ইন্টারন্যাশনাল। যদিও এ প্রতিষ্ঠান নিজে এ কাজ করেনি। তারা সরকারদলীয় স্থানীয় একজন প্রভাবশালী নেতাকে উপঠিকাদারি দিয়ে দেয় চাপে পড়ে। এই নেতা নয়ছয় করে নির্মাণকাজ করেন। সরেজমিনে দেখা গেছে, প্রধান এই রাস্তার স্থানে স্থানে খানাখন্দে ভরা। পুরোনো হাসপাতাল সড়ক, টাউন হল রোড, খাজা গার্ডেন সিটির সম্মুখভাগ, বাণিজ্যিক এলাকা, পোস্ট অফিস রোড ও চৌধুরী বাজার এলাকার রাস্তার ভাঙন দেখলে কেউ বিশ্বাস করবে না, এ রাস্তাটি আজ থেকে ১০ মাস আগে নির্মাণ করা হয়েছে। শহরের ব্যাটারিচালিত ইজি বাইকচালক শফিক মিয়া বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করতে ইচ্ছা হয় না। ব্যাকরোড (পেছনের রাস্তা): শহরের এ সড়কটি হবিগঞ্জ পৌরসভার আওতাধীন। পেছনের রাস্তাটি সর্বশেষ মেরামত হয় ২০০৪ সালে। এর পর থেকে রাস্তাটি ক্ষয় হতে থাকে। সরেজমিনে দেখা গেছে, পাঁচ কিলোমিটার এ রাস্তার সর্বত্রই খানাখন্দে ভরপুর। সড়কের এক কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগে ৩০ থেকে ৩৫ মিনিটের বেশি। বৃন্দাবন সরকারি কলেজছাত্রী নমিতা রায় বলেন, সকালে বাসা থেকে কলেজে আসার জন্য বের হলে কোনো রিকশাচালক এ সড়ক দিয়ে যাতায়াত করতে চান না। আবার কেউ রাজি হলেও তাঁকে ভাড়া দিতে হয় দ্বিগুণ।শহরের যানজট এড়ানোর জন্য শহর ঘেঁষে যাওয়া পরিত্যক্ত রেললাইন উঠিয়ে বিগত বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক নির্মাণ করা হয়। পাশাপাশি এ সড়ককে ঘিরে নতুন পৌর বাসস্ট্যান্ডও নির্মাণ করা হয়। প্রায় সাত মাস আগে নতুন বাসস্ট্যান্ড চালু হয়। দেখা গেছে, যানবাহনের চাপে পুরো রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। হবিগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতা নুরুল হুদা চৌধুরী বলেন, ‘এ রাস্তাগুলো নির্মাণের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানকে এক মাসের আলটিমেটাম দিয়েছি আমরা। সমাধান না হলে শহরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’হবিগঞ্জ বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আগামী এক মাসের মধ্যে এ সড়ক মেরামত বা সংস্কার না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য সব বাস বা পরিবহন বন্ধ রাখব।’পৌরসভার রাস্তার বিষয়ে পৌর মেয়র জিকে গউছ বলেন, ‘পৌরসভার রাস্তা মেরামতের জন্য আমরা ৭০ লাখ টাকার দরপত্র আহ্বান করেছি। অচিরেই কাজ শুরু হবে।’হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক বলেন, প্রধান রাস্তাটি অর্থাৎ মহাসড়ক থেকে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ শহরসহ ২৫ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ছয় কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছিল মেসার্স ইসমাইল হোসেন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তারা এ কাজ না করায় তাদের অর্থদণ্ড করা হয়েছে। এখন এ কাজ শুরু করতে হলে ঢাকার প্রধান কার্যালয় নতুন করে দরপত্র আহ্বান না করলে এখান থেকে স্থানীয়ভাবে কিছুই করার নেই।