হবিগঞ্জ শিওরক্যাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ও সরকারি মহিলা ডিগ্রি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান শিওরক্যাশের বিরুদ্ধে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি কলেজগুলোতে ফি নেওয়া হয়ে থাকে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বৃন্দাবন সরকারি কলেজ উপাধ্যক্ষের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় কয়েকজন এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিওরক্যাশ কর্তৃপক্ষ। তবে এজেন্টদের নাম তারা জানায়নি।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ও মহিলা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষা ফি গ্রহণের ক্ষেত্রে লেনদেন সহজ করতে ২০১৫ সালে শিওরক্যাশের সঙ্গে চুক্তি করে। গত নভেম্বর মাসে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হলে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী ভর্তি হন। ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, এ ভর্তি প্রক্রিয়াকালে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে কলেজ ফির অতিরিক্ত ১০০-১৫০ টাকা সার্ভিস চার্জের নামে হাতিয়ে নিচ্ছে শিওরক্যাশের স্থানীয় এজেন্টগুলো। অথচ নিয়ম অনুযায়ী সার্ভিস চার্জ ৪ থেকে সর্বোচ্চ ৩০ টাকা হওয়ার কথা।
তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এ অভিযোগ অস্বীকার করেছে।
হবিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল মালেক বলেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল উপাধ্যক্ষ অজয় কুমার দাস মহালদারের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ১৬ জানুয়ারি এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে।