হবিগঞ্জ সড়ক ভবনে তালা দিলেন ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিল না পেয়ে গতকাল বৃহস্পতিবার সড়ক ও জনপথ বিভাগের হবিগঞ্জ কার্যালয়ে (সড়ক ভবন) তালা লাগিয়ে দিয়েছেন ঠিকাদারেরা। এতে ওই কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হবিগঞ্জ কার্যালয়ের প্রকৌশল বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ বিভাগের অধীনে পুরো জেলায় প্রায় আড়াই শ ঠিকাদার আছেন। এঁদের মধ্যে শতাধিক ঠিকাদার গত অর্থবছরে (২০১৪-১৫) নানা উন্নয়নমূলক কাজ করেন। নিয়মানুযায়ী চলতি জুন মাসের মধ্যে তাঁদের বকেয়া বিল পরিশোধ হওয়ার কথা। কিন্তু এ সময়ের মধ্যে বিল পরিশোধ না করায় গতকাল দুপুর ১২টায় একদল ঠিকাদার ক্ষোভে সওজের কার্যালয়ের মূল ফটক ও নির্বাহী প্রকৌশলীর কক্ষেও তালা লাগিয়ে দেন। তবে এ সময় নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম তাঁর অফিসকক্ষে ছিলেন না। তালা দেওয়ার কিছুক্ষণ পর ঠিকাদারেরা চলে যান। বেলা দুইটার দিকে ওই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তালা খুলে ফেলেন।
ঠিকাদার মো. শরীফ উল্লাহ বলেন, গত অর্থবছরে তাঁরা কাজ শেষ করেছেন। নিয়ম অনুযায়ী জুন মাসের মধ্যে তাঁদের সব বকেয়া বিল পরিশোধ করার কথা। কিন্তু সড়ক বিভাগ তা না করায় ঠিকাদারদের এ নিয়ে অসন্তোষ দেখা দেয়।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঠিকাদারেরা যখন শুনেছেন জুনে তাঁদের বকেয়া পরিশোধ করা হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা নেই, তখন হয়তো ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ওই সময় (তালা ঝুলিয়ে দেওয়ার সময়) দাপ্তরিক কাজে বাইরে ছিলেন।