হবিগঞ্জ সদর আসনে নির্বাচনী আমেজ
জাতীয় নির্বাচন নিয়ে দেশে সংশয় বা শঙ্কা থাকলেও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসন গরম করে তুলেছেন সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা প্রতিদিন এ দুই উপজেলার কোথাও না কোথাও গণসংযোগ, সভা-সমাবেশ করছেন।
পোস্টার, ফেস্টুন ও ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে এ দুই উপজেলার হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো। আওয়ামী লীগ থেকে বর্তমান সাংসদ ও দলের জেলা সভাপতি মো. আবু জাহির, বিএনপি থেকে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ এবং জাতীয় পার্টি থেকে সভাপতিমণ্ডলীর সদস্য ও জেলা সভাপতি আতিকুর রহমান আতিক সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক একই আসনে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার ঘোষণা দিয়েছেন।
এই তিন নেতা পাল্লা দিয়ে প্রচারণা শুরু করেছেন। গত ১৩ সেপ্টেম্বর লাখাই উপজেলার শিবপুর গ্রামে সাংসদ আবু জাহির গণসংযোগে যান। এ দিন তাঁর সমর্থকেরা তিনটি গরু জবাই করে গ্রামের লোকজনকে আপ্যায়ন করান। পরদিন একই উপজেলায় বিএনপির লোকজন দ্বিগুণ সংখ্যক গরু কেটে গ্রামবাসীকে খাওয়ান।
এই তিন নেতা মসজিদ ও মন্দিরে অনুদান দিয়ে চলেছেন। একেকটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত অনুদান দিয়েছেন।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আবু জাহির তাঁর প্রচারণায় বলছেন, বিগত সাড়ে চার বছরে ওই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা ৪২ বছরেও হয়নি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি এবারও প্রার্থী হতে চান। তিনি আশাবাদী, দল তাঁকেই মনোনয়ন দেবে আসনটি ধরে রাখতে। জি কে গউছ সমাবেশগুলোতে দাবি করেন, তিনি পরীক্ষিত কাজের লোক। তাঁর মাধ্যমে বিগত বিএনপি সরকারের সময় হবিগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে অনেক উন্নয়ন হয়েছে।
জাতীয় পার্টির আতিকুর রহমান তাঁর গণসংযোগ ও সমাবেশে বলছেন, এরশাদ সরকার ক্ষমতায় থাকার সময় হবিগঞ্জকে মহকুমা থেকে জেলায় রূপান্তর করা হয়। এ ছাড়া শায়েস্তাগঞ্জে আন্তনগর ট্রেন সার্ভিসের যাত্রাবিরতি, খোয়াই সেতু নির্মাণ ও শহরের ধূলিয়াখাল শিল্পনগর স্থাপনসহ নানা উন্নয়ন করেছে তাঁর দল। এ কারণে এ আসনের ভোটারেরা দুবার জাপার প্রার্থীকে জয়ী করেছেন অতীতে। এবার দল তাঁকে প্রার্থী করতে যাচ্ছে।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ১২ সেপ্টেম্বর সদর উপজেলার রাজিউরা, ২২ সেপ্টেম্বর তেঘরিয়া এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর হাতিরতান এলাকায় সমাবেশ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি ভোটারদের বলেন, দীর্ঘদিন ধরে জনগণকে সেবা দিয়ে আসছেন। এবার বড় ক্ষেত্র থেকে এ সেবার মাত্রা আরও বাড়াতে চান। পাশাপাশি সৎ ও ভালো মানুষের রাজনীতিতে প্রবেশের ক্ষেত্র তৈরি করতে চান তিনি।
লাখাই উপজেলার করাব গ্রামের রফিক মিয়া বলেন, রাস্তাঘাট, হাট-বাজারে এখন ডিজিটাল ব্যানার আর ব্যানার। মনে হয় জাতীয় নির্বাচন চলে এসেছে।
হবিগঞ্জ শহরের ভোটার হাফিজুল ইসলাম বলেন, ‘নির্বাচন যখনই হয় আমরা ভালো মানুষকে প্রার্থী হিসেবে দেখতে চাই। তবে আওয়ামী লীগ আর বিএনপিই সেই নীতি অনুসরণ করে না।’ তিনি বলেন, ‘পইলের সাহেব (উপজেলা পরিষদ চেয়ারম্যান) আহমুদুল হক প্রার্থী হওয়ায় এখন বড় দলের সম্ভাব্য প্রার্থীদের ঘুম হারিয়ে গেছে।’ এ মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতা জি কে গউছ বলেন, তিনি কোনো নির্বাচনী প্রচারণা করছেন না। যে সভা-সমাবেশ করা হচ্ছে তা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি নিয়ে। তবে এ সভাগুলোতে নির্বাচনী বিষয়বস্তু একেবারেই যে আসছে না তা নয়। জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান বলেন, এরশাদের নির্দেশে তিনি কাজ করছেন। তাঁর জন্য আজ শুক্রবার এরশাদ হবিগঞ্জে আসছেন।
বর্তমান সাংসদ আওয়ামী লীগের নেতা মো. আবু জাহির বলেন, জনগণের কথা বিবেচনায় নিয়ে সব সময় এলাকার উন্নয়ন করেছেন। সেই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে তিনি দল থেকে আবারও মনোনয়ন পাবেন বলে আশা করছেন।