হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে একজন রোগীর সহকর্মীরা দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করছেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত আটটা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। রাত সাড়ে দশটার পর্যন্ত কর্মবিরতি চলছিল। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আটটার দিকে অতিরিক্ত জেলা জজ আফরোজা পারভিনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী ও আদালতের কর্মচারীরা। কিন্তু চিকিৎসা সেবা নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে আদালতের কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা হয়। এর পর থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকেরা।
রোগীর সঙ্গে হাসপাতালে আসা জেলা জজের নাজির উসমান রেজাউল করিম অভিযোগ করেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে ভালো কক্ষ না দিয়ে সাধারণ ওয়ার্ডে পাঠান দায়িত্বরত চিকিৎসক মইনউদ্দিন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে যথাযথ চিকিৎসা দিতেও ব্যর্থ হয়েছেন। এর প্রতিবাদ করায় চিকিৎসকেরা চিকিৎসা দেওয়া বন্ধ করে দেন।
এই অভিযোগের ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক মইনউদ্দিন বলেন, ‘আমরা যথাযথ চিকিৎসা দিয়েছি। কিন্তু আদালতের কর্মচারীরা হাসপাতালের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাই চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।’
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন দেবপদ রায় বলেন, ‘আমরা চিকিৎসকদের সঙ্গে জরুরি সভায় বসেছি। এর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’