হবিগঞ্জ সিভিল সার্জনের অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগ এনে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরীকে অপসারণের দাবিতে চিকিত্সক-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে। গতকাল রোববারও বিক্ষোভের অংশ হিসেবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরীর অপসারণের দাবিতে চিকিত্সক ও কর্মচারীরা গতকাল হাসপাতালের সম্মেলনকক্ষে প্রতিবাদ সভা করেন। হাসপাতালের আবাসিক চিকিত্সক অর্ধেন্দু দেবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সার্জারি কনসালটেন্ট মুস্তাফিজুর রহমান, গাইনিবিশেষজ্ঞ আরশেদ আলী, প্রদীপ কুমার দাশ, মেডিসিন-বিশেষজ্ঞ আশরাফ উদ্দিন, মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন, পরেশ চন্দ্র দেবনাথ ও কায়সার আলম। কর্মচারীদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান, আবদুল আওয়াল, ইছাক মিয়া, সেলিনা আক্তার, আভা রানী ও জাকিয়া খাতুন। সভায় বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জন এ জেলায় যোগদানের পর থেকেই নানা অনিয়ম করে আসছেন। ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। এমনকি স্টাফদের সঙ্গে ভালো আচরণও করেন না। তাঁরা অভিযোগ করেন, জেলা স্বাস্থ্য বিভাগ পরিচালনার জন্য একজন সিভিল সার্জনের যে যোগ্যতা থাকা উচিত, তা সুবিমল সিংহ চৌধুরীর নেই। হবিগঞ্জ থেকে তাঁকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। এ ব্যাপারে সিভিল সার্জন সুবিমল সিংহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিত্সক আশরাফ উদ্দিনকে মাধবপুর উপজেলায় বদলি করায় অন্য চিকিত্সকেরা জোটবদ্ধ হয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, ‘এখানকার চিকিত্সকেরা নিজ নিজ দায়িত্ব পালন করেন না। তাঁদের অনেকেই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর হাত দেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে লেগেছেন।’