হবিগঞ্জ-সিলেট রুটে চলছে পরিবহন ধর্মঘট
হবিগঞ্জ-সিলেট রুটে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অনির্দিষ্টকাল ধর্মঘটের প্রথম দিন গতকাল পৌর বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। হবিগঞ্জের পুরাতন বাস মালিক সংগঠনের ডাকে এ ধর্মঘট চলছে। এর আগে গত শুক্রবার থেকে গত রোববার পর্যন্ত সংগঠনটি তাদের দাবি আদায়ে প্রথম দফা ধর্মঘট পালন করে। রোববারের মধ্যে দাবি পূরণ না হওয়ায় এ অনির্দিষ্টকালের ধর্মঘট দিল তারা। হবিগঞ্জে নতুন চালু হওয়া একটি বাস সার্ভিসের গাড়ির রং পরিবর্তনের দাবি জানিয়েছে পুরাতন বাস মালিক সংগঠন।জেলা প্রশাসন সূত্র জানায়, হবিগঞ্জ-সিলেট রুটে সুপার এক্সপ্রেস নামে একটি নতুন বাস সার্ভিসের ৪২টি গাড়ি চলাচলের প্রশাসনিক অনুমোদন পায় ২০০৭ সালে। কিন্তু পুরাতন বাস মালিক সমিতি হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ এসব বাসের চলাচলে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের সংঘাত ও পাল্টাপাল্টি মামলাও হয়। এ নিয়ে চলতি মাসে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং হবিগঞ্জের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সমন্বয়ে দুই পক্ষের সমঝোতা হয়। এতে সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে আপাতত সুপার এক্সপ্রেসের ২৪টি নতুন বাস চলবে। কিন্তু শুক্রবার সুপার এক্সপ্রেসের বাস রাস্তায় নামানো হলে দুই পক্ষের মধ্যে আবার বিরোধ দেখা দেয়। ওই দিনই ধর্মঘটের ডাক দেন পুরাতন বাস মালিকেরা। এ ব্যাপারে পুরাতন বাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সমঝোতায় সিদ্ধান্ত হয়েছিল সুপার বাস সার্ভিস তাদের গাড়ির রং বদল করে চালাবে। তারা সেই সিদ্ধান্ত মানেনি। তাদের গাড়ির রং আমাদেরগুলোর সাদা-সবুজ রঙের সঙ্গে মিলে যায়।’ সুপার এক্সপ্রেসের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম বলেন, ‘রং বদলানোর দাবি বাহানা। আসলে তারা আমাদের কাছে চাঁদা দাবি করে না পেয়ে এসব করছে।’