হবিগঞ্জ-সিলেট রুটে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-সিলেট রুটে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এ রুটে নতুন বাস সার্ভিস সুপার এক্সপ্রেস কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে পুরাতন বাস-মালিকেরা এ ধর্মঘটের ডাক দেন। হবিগঞ্জ বাস-মালিক সমিতি মোটর-মালিক গ্রুপের দাবি সিলেট কদমতলী বাসস্ট্যান্ডে তাদের ১২টি গাড়ি ও ৫২ জন শ্রমিককে জিম্মি করে রাখে সুপার এক্সপ্রেস বাস সার্ভিস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে তারা গতকাল সোমবার হবিগঞ্জ থেকে সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। এর সুরাহা না হলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক আজ মঙ্গলবার থেকে বন্ধ করে দেবে। অপরদিকে সুপার নামের নতুন বাস-মালিকদের দাবি, তাঁরা এ রুটে প্রশাসনিক বৈধতা নিয়ে সুপার এক্সপ্রেস নামে নতুন বাস চালু করলে পুরোনো বাস-মালিকেরা বাধা দেন এবং তাঁদের গাড়িগুলো জব্দ করে রেখেছে হবিগঞ্জে। জেলা প্রশাসন ও বাস-মালিক সমিতি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-সিলেট রুটে আজ থেকে তিন বছর আগে সুপার এক্সপ্রেস নামে একটি বাস সার্ভিস চালু করেন হবিগঞ্জ ও সিলেটের কিছু ব্যবসায়ী। এ বাস সার্ভিসকে সহজভাবে মেনে নেননি এ রুটের পুরোনো বাস-মালিকরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। হবিগঞ্জ পুরোনো বাস-মালিক সংগঠন মোটর-মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সুপার এক্সপ্রেসের রুট পারমিট ও কাগজপত্রের বৈধতা না থাকায় পুলিশ তাদের গাড়ি আটক করে। এতে মোটর-মালিক গ্রুপের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ১২টি গাড়ি ও ৫৪ জন শ্রমিককে সিলেটে আটক করে।’ তিনি আরও বলেন, ‘আমাদের গাড়ি ও শ্রমিকেরা উদ্ধার না হলে আগামী মঙ্গলবার থেকে ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হবে।’ সুপার এক্সপ্রেসের মালিক সমিতি ও সিলেট আন্তজেলা চেয়ার কোচ সমিতির সভাপতি জলিল মিয়া বলেন, ‘এ রুটে নতুন বাস চালুর জন্য আমরা তিন-চার বছর আগেই সরকার থেকে অনুমোদন পাই। কিন্তু তাঁদের (পুরোনো বাস-মালিক) কারণে পারছি না।’ হবিগঞ্জ-সিলেট সুপার এক্সপ্রেস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সফিকুর রহমান বলেন, ‘দেশের সব জেলাতেই নতুন নতুন বাস চালু হচ্ছে। শুধু হবিগঞ্জেই এর ব্যতিক্রম। আমরা চাই হবিগঞ্জবাসীকে একটি নতুন পরিবহনে কম ভাড়ায় সেবা দিতে।’