হবিগঞ্জ-সিলেটসহ সব রুটে বাসভাড়া বৃদ্ধি, যাত্রী দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-সিলেটসহ জেলার সব রুটে হঠাৎ করে বাসভাড়া বাড়িয়ে দিয়েছে জেলা বাস মালিক সমিতির সংগঠন মোটর মালিক গ্রুপ। গতকাল রোববার থেকে এ নতুন ভাড়া কার্যকর হয়েছে। এদিকে যাত্রীসেবার মান বৃদ্ধি না করে ভাড়া বাড়ানোর ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে এ রুটগুলোতে চলাচলকারী যাত্রীরা। বাস মালিক সমিতির সংগঠন মোটর মালিক গ্রুপের দাবি, সরকার ধার্যকৃত প্রতি কিলোমিটারে এক টাকা ২০ পয়সা অনুসারে এ ভাড়া বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার ও হবিগঞ্জ- শ্রীমঙ্গল রুটসহ জেলা সদরের সঙ্গে মাধবপুর, নবীগঞ্জ, চুনারুঘাট, বানিয়াচং, লাখাই ও বাহুবল উপজেলায় চলাচলকারী বাসগুলো নিয়ন্ত্রণ করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এ রুটে প্রতিদিন অসংখ্য যাত্রী চলাচল করে। আগে থেকেই এ সড়কগুলোতে বাসগুলোর মান ও ভাড়া নিয়ে যাত্রীসাধারণের অভিযোগ ছিল। এদিকে যাত্রীসেবার মানোন্নয়নে কোনো ভূমিকা না নিয়ে হঠাৎ করে হবিগঞ্জ বাস মালিক সমিতি এ রুটের ভাড়া বৃদ্ধি করেছে। গত শুক্রবার মালিক সমিতির এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের যাত্রী আওলাদ হোসেন বলেন, ১০০ বছরের পুরোনো গাড়ির রং বদল করে হবিগঞ্জ-সিলেট রুটে চলাচল করছে। আবার দুই আসনের সিটে জোর করে তিনজন বসানো হয়। এ অব্যবস্থাপনার মধ্যে আবারও ভাড়া বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়া যায় না।যাত্রী রফিকুল ইসলাম বলেন, ভাড়া বাড়ানোর বিষয়টি গাড়িতে উঠে জানলাম। এভাবে হঠাৎ করে ভাড়া বাড়ানো ঠিক হয়নি।শহরের অধিবাসী আইনজীবী আলমগীর চৌধুরী বলেন, হবিগঞ্জ-সিলেট রুটের দূরত্ব ৯০ কিলোমিটার। অথচ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা। এভাবে প্রত্যেক জায়গার মনগড়া দূরত্ব দেখিয়ে বাস মালিক সমিতি ভাড়া বৃদ্ধি করেছে। এর সঙ্গে প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।জেলা বাস মালিক সমিতির সংগঠন মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের বিধি অনুসরণ করে ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে এক টাকা ২০ পয়সা হারে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। তিনি আরও জানান, এ রুটে দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধি করা হয়নি যাত্রীসাধারণের কথা মাথায় রেখে। বর্তমানে যা করা হয়েছে, তা নিয়মানুসারেই করা হয়েছে।