হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের হোস্টেল সুপারিনটেনডেন্টের (ভারপ্রাপ্ত) ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে শিক্ষানবিশ নার্সরা কর্মবিরতি পালন করছেন। জেলা সিভিল সার্জন বরবারে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, ক্যাম্পাসের নারী হোস্টেলের পাশে সরকারি বাসভবনে হোস্টেল সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ও জ্যেষ্ঠ প্রশিক্ষক উমেঞ্চ কুলসুমা ছেলে কামরুল ইসলামকে নিয়ে বসবাস করেন। কামরুল ওই নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার বিভাগ নিয়ন্ত্রণ করেন। তিনি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার নামে ছাত্রীদের অনেকের সঙ্গে ব্যক্তিগত সখ্য গড়ে তোলেন। প্রতিষ্ঠানের এক ছাত্রীকে কামরুলের সঙ্গে গত বুধবার মধ্যরাতে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। শিক্ষার্থীরা বৃহস্পতিবার উমেঞ্চ কুলসুমাকে বিষয়টি জানালে তিনি অভিযোগকারীদের গালমন্দ করে তাড়িয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ নার্সরা ওই দিন থেকে হবিগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্ব থেকে কর্মবিরতি পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, এ ঘটনার সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। কামরুল ইসলাম নারী হোস্টেলে অবাধে যাতায়াত করেন। এতে ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করেন। কিন্তু তাঁর মায়ের ভয়ে এত দিন প্রতিবাদ করা হয়নি।উমেঞ্চ কুলসুমা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ইনস্টিটিউট ও বাইরের কিছু লোক বানোয়াট এ ঘটনা সাজিয়ে তাঁকে হেয় করতে চায়। তাঁর ছেলের ছাত্রী হোস্টেলে যাতায়াতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগে থেকেই জানত। হবিগঞ্জের সিভিল সার্জন মো. সফিকুর রহমান বলেন, অভিযোগ তদন্তের জন্য ডেপুটি সিভিল সার্জন আবুল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।