হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে নাটকীয়তা
সময় পার হওয়ার পর হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেওয়ান শাহনেওয়াজ গাজী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল শুক্রবার বিকেল পাঁচটা। রাত আটটা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রথম আলোকে নিশ্চিত করা হয় যে, জেলার চারটি আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে বর্তমানে একক প্রার্থী হিসেবে থাকলেন জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী।
শুক্রবার রাত আটটার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহামঞ্চদ মনির হোসেন প্রথম আলোকে জানান, জেলার চারটি আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের খবর পাওয়ার পর গতকাল শনিবার মোহামঞ্চদ মনির হোসেন বলেন, তাঁর কাছে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি। এ বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ভালো বলতে পারবেন।
জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, শাহনেওয়াজ গাজী শুক্রবার বিকেল পাঁচটার পর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সময়সীমার পরও আবেদন গ্রহণ করার এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার আছে বলে দাবি করেন তিনি।
শাহনেওয়াজ গাজী জানান, দলীয় সিদ্ধান্তের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ওই দিন বিলম্বে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিলেও তিনি দুপুরেই রিটার্নিং কর্মকর্তাকে ফোনে বিষয়টি অবহিত করেন।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল দাবি করেন, দেশের পরিস্থিতি বুঝে তাঁরা নির্বাচন করবেন। এ ছাড়া দলের সিদ্ধান্তে হয়তো যেকোনো সময় ঘোষণা দিয়ে এ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
হবিগঞ্জে মনোনয়নপত্র প্রত্যাহার না করা জাতীয় পার্টির অপর তিন প্রার্থী হলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের শংকর পাল, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের আতিকুর রহমান ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট- মাধবপুর) আসনের আহাদ ইউ চৌধুরী।
তবে আহাদ ইউ চৌধুরী দাবি করেন, তিনি শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন প্রত্যাহারের আবেদন করলেও রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। তবে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বলেন, আহাদ ইউ চৌধুরী ওই দিন পাঁচটার সময় তাঁর কার্যালয়ে এলেও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কি না, তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন। তিনি বারবার মুঠোফোনে ঢাকায় যোগাযোগ করছিলেন। একসময় দেখা যায়, সময় শেষ হয়ে যায়, তিনিও চলে যান।