হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট দেবেন না চা-শ্রমিকেরা
হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে নবীগঞ্জ-বাহুবলের ১২ চা-বাগানের শ্রমিকেরা ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। গতকাল রোববার বাহুবল উপজেলার কামাইছড়া চা-বাগানের নাটমন্দিরে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ চা-বাগান পঞ্চায়েত নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি শিয়োধনী কুর্মি। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, লস্করপুর ভ্যালির উপদেষ্টা মনিশংকর কর্মকার, মনু ভ্যালির সম্পাদক নির্মল পাইনকা, বালিশিরা ভ্যালির সম্পাদক দেবেন্দ্র বারাইক প্রমুখ।সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ ৬০ বছর আন্দোলন-সংগ্রামের পর বিগত তত্ত্ববাধায়ক সরকারের সময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২০০৯ সালের ২৫ নভেম্বর নির্বাচনে পরাজিতরা ইউনিয়নের শ্রীমঙ্গল কার্যালয় দখল করে নেয়। তথাকথিত সেই আহ্বায়ক কমিটি শ্রমিকদের শোষণ করে যাচ্ছে। এ অবস্থায় আমরা নবীগঞ্জ-বাহুবলের ১২ চা-বাগানের শ্রমিকেরা আসন্ন উপনির্বাচনে ভোট দান থেকে বিরত থেকে এর প্রতিবাদ জানাব।’বালিশিরা ভ্যালির সম্পাদক দেবেন্দ্র বারাইক ভোট না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।