হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড উদ্বোধনে সাংসদকে তিনটি সংগঠনের বাধা
হবিগঞ্জ অটোরিকশা সমিতির নতুন ও বৈধ একটি স্ট্যান্ড উদ্বোধন করতে স্থানীয় সাংসদ আবু জাহিরকে বাধা দেয় তিনটি পরিবহন সংগঠন। তারা গতকাল শুক্রবার সকালে উদ্বোধনস্থল ও শহরের প্রধান রাস্তায় এলোপাতাড়ি গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে অবশ্য সাংসদ বাধাদানকারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সার্কিট হাউসে বসে সমঝোতা করেন।হবিগঞ্জ অটোরিকশা সমিতি সূত্রে জানা গেছে, শহরের থানার মোড় এলাকায় হবিগঞ্জ অটোরিকশা সমিতির অস্থায়ী স্ট্যান্ড ছিল। দুই বছর আগে হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহিরের নির্দেশে স্ট্যান্ডটি শহরের বাইরে ২ নম্বর পুল এলাকায় স্থানান্তর হয়।স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাহিরকে প্রধান অতিথি করে গতকাল শুক্রবার এ স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য দিন-তারিখ নির্ধারণ করা হয়। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে দেখেন, মেক্সি, টেম্পো ও ইমা পরিবহনের (১২ সিটের বাহন) শ্রমিকেরা অনুষ্ঠানস্থল ও শহরের প্রধান রাস্তায় এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। তাঁদের দাবি, শহরের ভেতরে অটোরিকশা সমিতির এ স্ট্যান্ড তাঁরা উদ্বোধন করতে দেবেন না। এ পরিস্থিতি দেখে সাংসদ অনেকটা বিপাকে পড়েন।জেলা মেক্সি সমিতির সভাপতি জি কে গাফফার বলেন, ‘আমরা চাই, অটোরিকশা শহরের বাইরে থেকে চলাচল করুক।’জেলা অটোরিকশা সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম চৌধুরী বলেন, ‘যাঁরা বাধা দিচ্ছেন, তারাসহ সব পরিবহনের নির্ধারিত স্ট্যান্ড আছে শহরে। আমরা বৈধ প্রক্রিয়ায় জায়গা ভাড়া নিয়ে স্ট্যান্ড করতে পারছি না তাঁদের ব্যবসায়িক আক্রোশের কারণে।’পরে সাংসদ আবু জাহির বাধাদানকারী পরিবহনের নেতাদের সঙ্গে সমঝোতা করেন এবং আনুষ্ঠানিক উদ্বোধন করেন অটোরিকশার স্ট্যান্ডটির।