হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগ

হবিগঞ্জে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা বাস মালিক সমিতি ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে। এতে হবিগঞ্জের সঙ্গে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত টমটম, ট্রাক্টর, অটোরিকশা চলাচল করছে। এসব যানবাহন চলাচল বন্ধ করার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারের নানা দপ্তরে বাস মালিক সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত সোমবার রাতেজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদেরপক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সমিতির কার্যালয়ে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে হবিগঞ্জ জেলা সদর থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ–ঢাকা ও হবিগঞ্জ–চট্টগ্রাম রুটে কোনো যানবাহন চলাচল করেনি। পাশাপাশি এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মিনিবাস, হিউম্যান হলার, ট্রাক, পিকআপ চালক ও মালিকেরাও যান চলাচল বন্ধ রেখেছেন। এতে স্থানীয় লোকজনসহ বিভিন্ন এলাকার যাত্রীরা দুর্ভোগ পোহান।
হবিগঞ্জ শহরের বাসিন্দা আজমল আহমদের চিকিৎসার জন্য পরিবারের এক সদস্যসহ গতকাল ঢাকা যাওয়ার কথা ছিল। সড়কে দীর্ঘ অপেক্ষার পরও তাঁদের নির্ধারিত বাস না আসায় তিনি বাস কাউন্টারে যোগাযোগ করেন এবং জানতে পারেন ঢাকার উদ্দেশে আজ কোনো বাস ছেড়ে যাবে না। পরে তিনি অন্য যানবাহনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর শুভ্র রায় বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সব ধরনের অবৈধ যান সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কেউ তাঁদের দাবিগুলো পূরণ না করায় তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন।