হবিগঞ্জে অপরিকল্পিত শিল্পকারখানা পরিবেশ বিপর্যয় ডেকে আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর থেকে বাহুবল পর্যন্ত রাস্তার দুই পাশে পরিবেশদূষণকারী শিল্পকারখানা গড়ে উঠছে। তিন ফসলি জমি নষ্ট করে গড়ে ওঠা এসব কারখানা বড় ধরনের পরিবেশ বিপর্যয় ডেকে আনবে।
গতকাল শুক্রবার সকালে ওই এলাকা পরিদর্শন শেষে এই মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল, হবিগঞ্জ জেলা সভাপতি ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি মনসুর উদ্দিন আহমেদ, সম্পাদক তোফাজ্জল সোহেলসহ অর্ধশত নেতা-কর্মী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর, বাহুবল ও মাধবপুর উপজেলায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫০ মাইলজুড়ে বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রায় অর্ধশত শিল্পকারখানা গড়ে তুলছে। অপরিকল্পিতভাবে এসব কারখানা গড়ে ওঠায় তিন ফসলি জমি বিনষ্ট হচ্ছে।
এসব এলাকা পরিদর্শন শেষে সদর উপজেলার অলিপুর এলাকায় সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, যে হারে তিন ফসলি জমি নষ্ট করে অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে উঠছে, তা দেশের জন্য হুমকি। কারখানাগুলো পরিবেশ দূষণ করছে। এ ছাড়া অধিকাংশ কারখানারই বর্জ্য শোধনাগার নেই।