হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চা-শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্দ্রীছড়া চা-বাগানে অবৈধভাবে ও পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বাগানের প্রায় এক হাজার ২০০ শ্রমিক গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে হুমকি দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন চন্দ্রীছড়া চা-বাগান কর্তৃপক্ষ সাত লাখ ২০ হাজার টাকায় ২৭ একর জায়গাজুড়ে চন্দ্রী বালুমহাল প্রশাসনের কাছ থেকে একসনা ইজারা নিয়েছে। বাগান কর্তৃপক্ষ বালুমহালের এ ইজারা আবদুল্লাহ আল মামুন নামের আরেক ব্যক্তিকে উপ-ইজারা দেয়।ধর্মঘটরত শ্রমিকেরা অভিযোগ করেন, উপ-ইজারাদার ২৭ একর জায়গা ইজারা নিলেও বালু উত্তোলন করছেন প্রায় ১০০ একর জায়গাজুড়ে। এতে বাগান এলাকার শ্মশানঘাট হুমকির মুখে পড়েছে। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় চা-বাগানসহ আশপাশের পাহাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে।হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের নেতা ত্রিলোক কান্তি চৌধুরী জানান, বিধি অনুযায়ী তিন ফুট বালু উত্তোলনের কথা থাকলেও উপ-ইজারাদার ২০-২৫ ফুট গর্ত করে বালু উত্তোলন করছেন। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।অভিযোগ অস্বীকার করে চন্দ্রীছড়া চা-বাগান থেকে উপ-ইজারা নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি বৈধভাবেই বালু উত্তোলন করছেন।জানতে চাইলে চন্দ্রীছড়া চা-বাগানের ব্যবস্থাপক আশরাফ চৌধুরী বলেন, ইজারাদারকে বিধি অনুযায়ী বালু উত্তোলন করতে বলা হয়েছে। তিনি সেই অনুযায়ী বালু উত্তোলন করছেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবর রহমান বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।