হবিগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে চা শ্রমিকদের আন্দোলন
হবিগঞ্জে অর্থনৈতিক অঞ্চল গঠনে বিরুদ্ধে চা-বাগানের শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। তাঁরা চার দিন ধরে লাগাতার আন্দোলন করছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের পতিত ভূমিতে অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় চান্দপুর চা-বাগানের অধীনে থাকা ৫১১ একর ভূমির ইজারা বাতিল করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। পরে তা ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করে হবিগঞ্জের জেলা প্রশাসন।
চান্দপুর চা-বাগানের শ্রমিকেরা ওই এলাকায় অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টি মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, ওই পতিত জায়গায় তাঁরা চাষাবাদ করে আসছেন। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে পরিবেশগত সমস্যা তৈরি হবে। দাবি পূরণে তাঁরা ভূমি রক্ষা কমিটি গঠন করেছেন। এ কমিটির নেতৃত্বে চান্দপুর চা-বাগানের শ্রমিকেরা গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা চার দিন ধরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকায় অবস্থান নিয়েছেন।
কমিটির আহ্বায়ক অভিরত বাকি বলেন, ‘আমরা চাই, ভূমি যেভাবে আছে, ঠিক সেভাবেই থাকবে। এখানে আমরা অর্থনৈতিক জোন করতে দেব না। কারণ, এ ভূমির ওপর আমরা অনেকটা নির্ভরশীল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর বলেন, ‘আমরা চা-বাগানের শ্রমিকদের নিয়ে একাধিকবার কথা বলেছি। সরকারপক্ষ তাঁদের থেকে বলা হয়েছে, চাকরির সুবিধাসহ সব সুযোগ-সুবিধা পাবেন তাঁরা। এরপরও কেন তাঁরা এই আন্দোলন করছেন, তা বুঝে উঠতে পারছি না।’