হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ একই সময় ও একই জায়গায় সমাবেশ আহ্বান করেছে। এর পরিপ্রেক্ষিতে বাহুবল সদর এবং সমাবেশস্থল মিরপুর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির গত সোমবার রাত সাড়ে ১১টা থেকে এলাকাগুলোতে অনির্দিষ্টকালের জন্য ওই আদেশ জারি করেন।জানা গেছে, ওসি আজিজুর রহমান সরকার বাহুবল থানায় তিন-চার মাস আগে যোগ দেন। তাঁকে প্রভাবিত করা নিয়ে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল কাদির এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হোসেন চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অনেকের অভিযোগ, নজমুল হোসেনের নির্দেশে চলেন ওসি।এদিকে গত বৃহস্পতিবার রাতে বাহুবল থানা কম্পাউন্ডের ভেতরে মারজানা আক্তার (১৬) নামের একজন স্কুলছাত্রী এক কনস্টেবলের ছেলের ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে। এ ঘটনার প্রতিবাদে এবং ওসির অপসারণের দাবিতে আবদুল কাদির ও তাঁর সমর্থকেরা গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় মিরপুর চত্বরে এক সমাবেশ ডাকেন।অন্যদিকে ওসির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এমন দাবিতে নজমুল হোসেন ও তাঁর সমর্থকেরা একই সময় একই স্থানে পাল্টা-সমাবেশ আহ্বান করেন। নিষেধাজ্ঞার কারণে কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি।ওসি আজিজুর রহমান সরকার বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে বাহুবলে আওয়ামী লীগের দুটি পক্ষের এ দ্বন্দ্ব পুরোনো।’