হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে, বিশেষ করে ডাকাতির ঘটনা অনেক বেড়ে গেছে। গত মার্চে এবং চলতি মাসের ৪ এপ্রিল পর্যন্ত জেলায় ৩১টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী। তবে পুলিশের হিসাবে এই সময়ে ডাকাতি হয়েছে মাত্র ১১টি। এ নিয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় অসন্তোষও প্রকাশ করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলায় যেসব ডাকাতির ঘটনা ঘটেছে, তার মধ্যে নবীগঞ্জ উপজেলায় সাতটি, বাহুবলে পাঁচটি, আজমিরিগঞ্জে তিনটি, বানিয়াচংয়ে চারটি, মাধবপুরে পাঁচটি, চুনারুঘাটে তিনটি ও সদর উপজেলায় চারটি। এর মধ্যে দুটি ঘটনায় ডাকাতদের আটক করে এলাকাবাসী।সর্বশেষ গত সোমবার রাতে বাহুবল উপজেলার মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।নবীগঞ্জের রোকনপুর গ্রামের ইতালি-প্রবাসী আলী হোসেনের বাড়িতে গত শনিবার রাতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে।এলাকাবাসীর অভিযোগ, একের পর এক ডাকাতি হলেও পুলিশ মামলা নিতে চায় না। কোনো কোনো ঘটনায় মামলা হলেও তদন্তে কোনো অগ্রগতি নেই।চুনারুঘাট সদরের আমির হোসেন বলেন, ডাকাতির ঘটনায় ডাকাতকে আটক করলেই কেবল পুলিশ ডাকাতি মামলা নেয়। এ ছাড়া যত বড় ডাকাতিই হোক, পুলিশ ডাকাতি মামলা নিতে চায় না।বানিয়াচং সদরের আকরাম হোসেন বলেন, পুলিশের তৎপরতা না থাকায় এবং মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় একের পর এক ডাকাতি হচ্ছে।জেলা বারের সদস্য আলমগীর চৌধুরী বলেন, একের পর এক ডাকাতির ঘটনায় হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায়ও আলোচনা হয়েছে।জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য রুহুল হাসান বলেন, চার মাস ধরে পুলিশ সুপারের পদটি শূন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এটিও একটি কারণ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হবিগঞ্জ সফরের সময় পুলিশ সুপার নিয়েগা দেওয়ার দাবি জানানো হয়।তবে পুলিশ সুপারের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান দাবি করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সার্বিক দিক থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে চুরি-ডাকাতি রোধ করতে কমিউনিটি পুলিশের গুরুত্ব ও তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি জানান।