মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার আসামি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবুল খায়েরকে গতকাল মঙ্গলবার তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাজিম উদ্দিন জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানা জারির পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল খায়ের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলার গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গজনাইপুর ইউপির সাবেক চেয়ারম্যানও তিনি। তাঁর বাড়ি উপজেলার লোগাঁও গ্রামে।
পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবুল খায়েরের বিরুদ্ধে ২০১৫ সালের শুরুর দিকে একটি মামলা করেন নবীগঞ্জের লোগাঁও গ্রামের গেদু মিয়া নামের এক ব্যক্তি। তিনি বাসচাপায় এক বছর আগে নিহত হন। পরে আবুল খায়েরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে সুককরী বেগম নামের এক নারী আরেকটি অভিযোগ দাখিল করেন। তাতে মুক্তিযুদ্ধকালে নারী নির্যাতন ও একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।