হবিগঞ্জে খোয়াই নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরও এক নারী ও শিশুর লাশ উদ্ধার হয়েছে।
গতকাল সোমবার হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় মৃতদেহ দুটি পাওয়া যায়। এ নিয়ে এ দুর্ঘটনায় আটজনের লাশ উদ্ধার হলো। নিখোঁজ আছেন আরও তিনজন।
উদ্ধার করা লাশ দুটি নুরজাহান বেগম (২৬) ও রাকিব চৌধুরীর (৫)। নুরজাহান বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামের আলাই মিয়ার মেয়ে। রাকিব সরাইল উপজেলার ফান্ডাইল গ্রামের জালাল চৌধুরীর ছেলে।
গত বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় পৌঁছালে ডুবে যায়। নৌকাটি হবিগঞ্জ শহর থেকে বানিয়াচংয়ের সুজাতপুর যাচ্ছিল। এ ঘটনায় ওই রাতে তিনজন, শনিবার একজন ও গত রোববার দুজনের লাশ উদ্ধার করা হয়।
একই ঘটনায় আরও নিখোঁজ আছেন সদর উপজেলার বড়কান্দি গ্রামের জানু মিয়ার স্ত্রী মিনারা বেগম (২৮) ও তাঁর ছেলে জুম্মান মিয়া (৮)।
হবিগঞ্জ ও বানিয়াচং থানা সূত্রে জানা গেছে, লাশ দুটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।