হবিগঞ্জে ইউপি সদস্য নিখোঁজ
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মানিক মিয়াকে তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চার-পাঁচজন লোক তাঁকে ধরে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী সারবানু আক্তার গতকাল শুক্রবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মানিকের পরিবার ও পুলিশ সূত্র জানায়, মানিক ইউপি কার্যালয়ে যাওয়ার জন্য গত বুধবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রাজিউড়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মামুন বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মানিক তাঁকে ফোন করে জানান, চার-পাঁচজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। এরপরই ফোনের সংযোগ কেটে যায়। পরে তিনি (চেয়ারম্যান) ওই মুঠোফোনে ফোন করে তা বন্ধ পান। এ বিষয়টি ওই দিন তিনি মানিকের পরিবারকে অবহিত করেন।সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান বলেন, একজন জনপ্রতিনিধিকে এভাবে উঠিয়ে নেওয়ার ঘটনায় তাঁরা আতঙ্কিত। এ বিষয়টি সব জনপ্রতিনিধির পক্ষ থেকে পুলিশ সুপার কামরুল আমীনকে জানানো হয়েছে।জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সরকার বলেন, ওই ঘটনায় তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। যেহেতু ঘটনার সঙ্গে ডিবির নাম এসেছে, তাই পুলিশের পাশাপাশি তাঁরাও বিষয়টি তদন্ত করছেন। সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় যে অভিযোগ পাওয়া গেছে, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিদেশে লোক পাঠানো নিয়ে অনেক লোকের সঙ্গে মানিকের লেনদেন ছিল। এ নিয়ে ঘটনা ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।