হবিগঞ্জে এক ট্রাক চোরাই চাল আটক
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ গতকাল শনিবার এক ট্রাক চাল আটক করেছে। জেলার লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক চালের মালিকানা দাবি করলেও তিনি কোনো চালানপত্র দেখাতে পারেননি। প্রশাসন বলেছে, এই চাল চোরাই।সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, লাখাই উপজেলার কালাউক বাজার থেকে চালবোঝাই একটি ট্রাক গতকাল ভোরে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ রিচি ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছামাত্র পুলিশ এটিকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ট্রাকচালক আলমগীর (২৮) এবং মিনু মিয়া (৪০) ও সোহেলকে (২৮) আটক করা হয়।আটক মিনু মিয়া জানান, লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের কাছ থেকে তিনি এ চাল কিনেছেন। যুবলীগের নেতা এনামুল দাবি করেন, এই চাল টিআরের চাল।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেছেন, জুন মাসের পর টিআরের কোনো বরাদ্দ নেই। এই চাল চোরাই চাল।