হবিগঞ্জে একই দিনে তিন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে একই দিনে শিক্ষা, সমাজকল্যাণ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সফরকে ঘিরে গতকাল শুক্রবার সাধারণ মানুষের কৌতূহল ছিল বেশ। পাশাপাশি এই তিন মন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও প্রশাসনকে দেখতে হয়েছে। তবে মন্ত্রীরা দিনব্যাপী পৃথক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকলেও সন্ধ্যায় মিলিত হন দলীয় ফোরামে এক মঞ্চে।জানা গেছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে আসেন হবিগঞ্জ সার্কিট হাউসে। তিনি জেলার শিক্ষক প্রতিনিধি ও দলীয় লোকজনের সঙ্গে দিনব্যাপী কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় কাটান জেলা সদরে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন ছিলেন সকাল থেকেই জেলার নবীগঞ্জ উপজেলা সদরে। সেখানে শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তিনি। অপরদিকে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাট-মাধবপুরে নানা অনুষ্ঠানের পাশাপাশি জেলার বাহুবল উপজেলার চা-শ্রমিকদের মধ্যে রেশন বিতরণ করেন।বিকেলে তিন মন্ত্রীই জড়ো হন এক মঞ্চে। জেলার শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগ তিন মন্ত্রীকে নিয়ে আয়োজন করে এক দলীয় সমাবেশের। মঞ্চে তিন মন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিন মন্ত্রীর একই সঙ্গে আগমনে আমাদের দিন গেছে ব্যস্ততা ও আতঙ্কের মধ্যে। কারণ প্রয়োজনীয় জনবল কম থাকায় এই প্রটোকল দেওয়া ছিল বেশ কষ্টের।’ মন্ত্রীরা দলের কর্মসূচি শেষ করে রাতেই ফিরে যান ঢাকার উদ্দেশে।