হবিগঞ্জে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম
হবিগঞ্জে সুফিয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে পাঁচ নবজাতকের দুটি জন্মের কিছুক্ষণ পরে ও একটি মাতৃগর্ভেই মারা গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, জেলার নবীগঞ্জ উপজেলার শৈলারামপুর গ্রামের রিকশাচালক আবদুল হাসিম গত বৃহস্পতিবার তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সুফিয়া খাতুনকে (৩০) হবিগঞ্জ মা ও শিশুবান্ধব সরকারি হাসপাতালে ভর্তি করেন। হঠাৎ হাত-পা ফুলে যাওয়ায় তাঁকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিৎসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সুফিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর যখন জানানো হয় তাঁর গর্ভে পাঁচটি বাচ্চা রয়েছে, তখন ওই দম্পতি আতঙ্কিত হয়ে পড়েন। পরে সুফিয়ার স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে তাঁরা কৃত্রিম প্রসববেদনা সৃষ্টি করেন। তিনি জানান, সুফিয়া খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ফলে বাচ্চাগুলোর শারীরিক গঠন ছিল অপরিণত।আবদুল মান্নান জানান, শুক্রবার ভোর চারটায় প্রথমে এক ছেলেসন্তানের জন্ম হয়। এদিন দুপুর দুইটায় একটি মৃত কন্যাশিশু প্রসব করেন তিনি। বেলা তিনটায় জন্ম নেয় আরও একটি মেয়ে। এরপর বিকেল পাঁচটায় দুটি ছেলেশিশু জন্ম নেয়। ওই চিকিৎসক জানান, গত শনিবার একটি ও গতকাল রোববার একটি শিশু মারা যায়। বর্তমানে একটি ছেলে ও একটি মেয়ে বেঁচে আছে। মা ও শিশুবান্ধব হাসপাতালের ইনকিউবেটর না থাকায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের ইনকিউবেটরে রাখা হয়েছে। তাদের প্রসূতি এখনো অসুস্থ। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবু সুফিয়ান বলেন, যে শিশুগুলো জন্ম নিয়েছে তারা শারীরিকভাবে অপরিণত। একেকটি শিশুর ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। তাঁদের তত্ত্বাবধানে রাখা শিশু দুটিকে বাঁচানোর জন্য তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন।