হবিগঞ্জে এডিসি (রাজস্ব) নেই চার মাস
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে চার মাস ধরে কোনো কর্মকর্তা নেই। পদটি শূন্য থাকায় সিদ্ধান্তহীনতার কারণে রাজস্ব বিভাগের প্রায় সাড়ে তিন শ মামলা ঝুলে আছে। ভোগান্তি বেড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষের।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদের দায়িত্বে ছিলেন মোহাম্মদ রোকন উদ্দিন। তিনি গত ২৪ এপ্রিল হবিগঞ্জ থেকে বদলি হয়ে যান। এরপর থেকেই এই পদে আর কাউকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এমরান হোসেনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি গত চার মাসে সাকলে৵ দুই-তিন দিন রাজস্ব বিভাগের দায়িত্ব পালন করেছেন। এদিকে গত চার মাসে জেলার সমস্ত নামজারি মামলা, অর্পিত (ভিপি) আপিল, সার্টিফিকেট আপিলসহ রাজস্ব বিভাগের প্রায় সাড়ে তিন শ মামলা আটকা পড়ে আছে। দিনের পর দিন এসব মামলার তারিখ পড়ছে। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে।
জেলা প্রশাসক (ডিসি) মনীশ চাকমা বলেন, এ বিষয়ে তিনি ঢাকা কার্যালয়ে কথা বলেছেন। হবিগঞ্জে খুব শিগগিরই এ পদে একজন কর্মকর্তা যোগদান করবেন বলে সেখান থেকে জানানো হয়েছে। তিনি যোগ দিলে আর কোনো সমস্যা থাকবে না।