হবিগঞ্জে কম দরে বিক্রি হচ্ছে বোরো ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে অনেক কম দরে বোরো ধান বিক্রি হচ্ছে। দেশের অন্যান্য স্থানে প্রতি মণ বোরো ধান ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হলেও এ জেলায় বিক্রি হচ্ছে ৩৭৫ থেকে ৪০০ টাকায়।কৃষকদের অভিযোগ, এ জেলায় ধান-চাল ব্যবসায়ী সমিতির সিন্ডিকেটের কারণে তাঁরা বোরো ধানের সঠিক মূল্য পাচ্ছেন না। এ ছাড়া বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক কোনো উদ্যোগ না থাকায় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেন।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, এ বছর জেলার আটটি উপজেলায় এক লাখ সাত হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। তবে ধানের ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। বর্তমান বাজারমূল্য এর একমাত্র কারণ। পাশাপাশি ধানের এ দর অব্যাহত থাকলে কৃষকদের এ বছর বিঘাপ্রতি আড়াই হাজার টাকার ওপর লোকসান গুনতে হবে।জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে বোরো ধান ৩৭৫ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে মোটা-চিকন ধানের মণপ্রতি পার্থক্য ২৫ টাকা। তবে জেলা বাজার অফিসের তথ্যে ৪০০ থেকে ৪১০ টাকা দরে এ বেচাকেনা হচ্ছে বলে জানানো হয়। এ সময় কৃষকেরা জানান, এ মূল্য না বাড়ার একমাত্র কারণ স্থানীয় ধান-চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট ব্যবসা। তারা জেলার আট উপজেলাকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এক এলাকায় একজন ব্যবসায়ী ধান কিনলে সেখানে অন্য ব্যবসায়ীরা যান না। এ কারণে বোরো ধানের সঠিক মূল্য পাচ্ছেন না কৃষকেরা।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবমতে, এক বিঘা জমিতে কৃষি উপকরণ ও শ্রমমূল্যসহ মোট খরচ হয় ১০ হাজার ১১৯ টাকা। একই পরিমাণ জমিতে ধানের ফলন হয় ১৯ মণ। বর্তমান বাজারমূল্যে এ ধান বিক্রি করলে কৃষকদের বিঘাপ্রতি আড়াই হাজার টাকার ওপর লোকসান হয়।হবিগঞ্জ ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মিয়া বলেন, কোনো ধরনের সিন্ডিকেট নেই। কৃষকেরা যাঁর যাঁর পছন্দের জায়গায় তাঁর ধান বিক্রি করতে পারবেন। তবে এটা ঠিক, এখন বোরো ধানের মূল্য কম থাকলেও সামনে বাড়বে।জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে ধানের মূল্যে এ পার্থক্য হতে পারে। কোথাও কোথাও বাড়লেও তা স্থিতিশীল থাকবে না। কারণ, ওএমএস চালু হওয়ায় তা কমবে। তবে এ জেলায় ধান-চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের কথা তিনি শুনেছেন বলে জানান।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক গোপাল চন্দ্র দাশ বলেন, ‘ধানের কম মূল্যের বিষয়টি নিয়ে সরকার ভাববে। তবে আমরা কৃষকদের বলে আসছি, এ ধান এক মাস অন্তত ধরে রাখতে। কিন্তু তাঁরা আর্থিক সংকটের কারণে কম মূল্যে বিক্রি করে দিচ্ছেন।’