হবিগঞ্জে কিশোর জিয়াউল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোর জিয়াউল হক চৌধুরী (১৫) হত্যা মামলায় তার সৎভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় ঘোষণা করেন। মামলা করার ২১ বছর পর আলোচিত এ হত্যাকাণ্ডের রায় হলো।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আলী হায়দর (নিহত জিয়াউলের সৎভাই), রেনু মিয়া, আবদুল আহাদ, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। রঞ্জু মিয়া পলাতক রয়েছেন। অন্য আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
জিয়াউলের বোন রিনা আক্তার বলেন, রায় পেতে তাঁদের ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। তারপরও এ রায়ে তিনি ও তাঁর পরিবার খুশি। তবে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
সরকারি কৌঁসুলি সিরাজুল হক চৌধুরী জানান, মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে জিয়াউল হক তার সৎভাইসহ অন্য আসামিদের হাতে খুন হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, বানিয়াচংয়ের আগুয়া গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরী দুই বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী রূপচান বিবির সঙ্গে পরে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এতে রূপচান দুই সন্তান জিয়াউল হক ও রিনা আক্তারকে নিয়ে একই গ্রামে বাবার বাড়ি বসবাস শুরু করেন। তখন সিরাজুলের প্রথম স্ত্রীর সন্তান আলী হায়দরের সঙ্গে জমিজমা নিয়ে রূপচানের বিরোধ বাধে। ১৯৯৪ সালের ১৩ মে ওই গ্রামের সফিক মিয়া ও রেনু মিয়া রূপচানের বাড়িতে গিয়ে ছেলে জিয়াউলকে বলেন, তার সৎভাই আলী হায়দর তাকে নিয়ে যেতে পাঠিয়েছেন। এ কথা শুনে তাঁদের সঙ্গে জিয়াউল বের হয়। ওই দিন আর বাড়িতে ফেরেনি সে। পরের দিন গ্রামের পাশে একটি স্থানে জিয়াউলের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় সৎভাই আলী হায়দর নিজেই বাদী হয়ে বানিয়াচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলা নিয়ে সন্দেহ পোষণ করেন জিয়াউলের মা। পরে তিনি আলী হায়দরকে অভিযুক্ত করে হবিগঞ্জ আদালতে আবেদন দাখিল করেন। আদালতের নির্দেশে পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করে। তদন্তের পর পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পাশাপাশি আলী হায়দরের মামলাটি খারিজ হয়।
আদালত মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির বাইরে অভিযুক্ত আসামি সফিক মিয়া, আবদুল ওহাব মিয়া, আবদুল আওয়াল ও নজরুল মিয়া মামলা চলাকালীন মারা যান বলে আদালত সূত্রে জানা গেছে।