হবিগঞ্জে কৃষিজমিতে কারখানা স্থাপনের উদ্যোগ, প্রতিবাদে সমাবেশ
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে কৃষিজমি কিনে একটি কোম্পানির কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে গতকাল রোববার তাঁরা ইউনিয়নের নারায়ণপুর আনন্দপুর ঈদগাহ মাঠে সমাবেশ করেন।
গতকাল বিকেলে এই কর্মসূচিতে এলাকার ছয়-সাতটি গ্রামের সহস্রাধিক লোক জড়ো হয়। সভাপতিত্ব করেন গোপায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন। তিনি বলেন, সম্প্রতি একটি কোম্পানি গোপায়া ইউনিয়নে কারখানা গড়ে তোলার জন্য কিছু জমি কিনেছে। অনেক কৃষক জমি বিক্রি করতে না চাইলেও কিছু দালাল বা ভূমি মধ্যস্থতাকারী জাল দলিল তৈরি করে সাধারণ কৃষকদের হয়রানি করছে। যে কারণে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন নুরুজ্জামান চৌধুরী, সৈয়দ মিয়া সর্দার, ছুরাব হোসেন সর্দার, শামীম মিয়া, আবদুল মালেক সর্দার, উসমান গণি প্রমুখ। তাঁরা বলেন, তিন ফসলি জমিকে একটি চক্র অনাবাদি দেখিয়ে একটি কোম্পানির কাছে জমি বিক্রি করছে। কোম্পানির পক্ষে মধ্যস্বত্বভোগী একটি চক্র সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখাচ্ছে। ধানি জমির ওপর কারখানা স্থাপন করা হলে কৃষিপণ্য উৎপাদনে ধস নামবে।
সমাবেশ শেষে ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।