হবিগঞ্জে খাল ভরাট করে সওজের স্থাপনা
হবিগঞ্জ শহরের একটি খালের একাংশ ভরাট করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) স্থাপনা নির্মাণ করেছে। এতে শহরের বেশ কয়েকটি এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের হবিগঞ্জ শহরের পূর্ব পাশে পোদ্দারবাড়ি এলাকায় সড়ক ও জনপথ বিভাগ তাদের কর্মচারীদের বসবাসের জন্য সম্প্রতি বড় একটি শেড নির্মাণ করে। কর্তৃপক্ষ সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির কিছু অংশ (দৈর্ঘ্যে ২০০ ফুট এবং প্রস্থে ৫০ ফুট) ভরাট করে সেখানে ওই শেড নির্মাণ করে। সড়কের পাশের ওই খালটির জায়গাও সড়ক বিভাগের।
এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে খালটি ভরাট করে সড়ক বিভাগ শ্রমিকদের জন্য এ স্থাপনা নির্মাণের ফলে ধুলিয়াখাল এলাকা থেকে শহরের শায়েস্তানগর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই আশপাশের এলাকার পানি ওই খাল দিয়ে স্বাভাবিকভাবে নামতে পারছে না। এতে উপজেলা পরিষদ, পোদ্দারবাড়ি, শায়েস্তানগর এলাকাসহ প্রধান সড়কের পূর্ব পাশের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
২ নম্বর পুল এলাকার ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘প্রধান সড়কের পানি নিষ্কাশনের ওই পথ বন্ধ করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমরা মেনে নিতে পারছি না।’ তিনি এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন।
হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। তবে পৌরসভার পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সওজ বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, পুরো খাল ভরাট করা হয়নি। পানি নিষ্কাশনের জন্য কিছু জায়গা রাখা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, প্রধানমন্ত্রী যেখানে খাল-নদীর জায়গা উদ্ধারের ঘোষণা দিয়েছেন, সেখানে সরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে খাল ভরাটের বিষয়টি অন্যায়। খাল-বিলের জায়গার মালিকানা যারই থাক তা ভরাট করার নিয়ম নেই।