হবিগঞ্জে খেলার মাঠ থেকে চার শিশু নিখোঁজ
হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকা গ্রামের খেলার মাঠ থেকে গত শনিবার বিকেলে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েছে। পুলিশ গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ পায়নি।
পুলিশ জানায়, সুন্দ্রাটিকা গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), তাঁর চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১১), একই গ্রামের আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) বিকেলে মাঠ থেকে নিখোঁজ হয়। জাকারিয়া ও তাজেল সুন্দ্রাটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
নিখোঁজের পরিবারের সদস্যরা বলেন, ওই চার শিশু শনিবার বিকেলে বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলা করছিল। সন্ধ্যার পর শিশুরা বাড়ি না ফেরায় তাঁরা আশপাশে খুঁজতে থাকেন। পরে এলাকায় মাইকিং করা হয়। গত শনিবার রাতে নিখোঁজ জাকারিয়ার বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় নিখোঁজ চার শিশুর পক্ষে একটি সাধারণ ডায়েরি করেন।
গতকাল সুন্দ্রাটিকা গ্রামে গিয়ে দেখা যায়, সন্তানদের খোঁজ না পেয়ে তাদের মা-বাবা শোকগ্রস্ত হয়ে পড়েছেন। বাহুবল থানার ওসি মোশারফ হোসেন গতকাল বিকেলে বলেন, শিশুদের উদ্ধারের বিষয়ে পুলিশ একটি বিশেষ দল গঠন করেছেন।