হবিগঞ্জে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে পুলিশ মজিবুর রহমান চৌধুরী ওরফে মছদ্দর মিয়া ও আনিসুজ্জামান রতন নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। মজিবুর রহমান শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান।পুলিশ সূত্র জানায়, শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় মজিবুর ও তাঁর স্ত্রী হেনা বেগমের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন একই এলাকার শায়েস্তাগরের ফারুক মিয়ার স্ত্রী শাহানা আক্তার (২৮)। কিছু দিন ধরে বেতন বাড়ানো নিয়ে শাহানার সঙ্গে মজিবুর-হেনা দম্পতির বিরোধ দেখা দেয়। বেতন না বাড়ানোয় এই গৃহপরিচারিকা ওই বাসা ছেড়ে আরেক জায়গায় কাজ নেন। গত বৃহস্পতিবার শাহানাকে রাস্তায় পেয়ে মজিবুর রহমান তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে ধরে নিজের বাসায় নিয়ে আসেন। তারপর তিনি ও তাঁর স্ত্রী মিলে শাহানাকে মারধরের একপর্যায়ে চুলও কেটে দেন। পরে চুরির অভিযোগে শাহানাকে হবিগঞ্জ থানায় দেন। শাহানা দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাঁকে পুলিশে দেওয়া হয়। পরে তাঁর স্বামী ফারুক মিয়া গতকাল বিকেলে হবিগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। এ মামলায় মজিবুর ও তাঁর স্ত্রী হেনা বেগমকে আসামি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সদর থানার পুলিশ মজিবুর ও তাঁর বাসার ভাড়াটে আনিসুজ্জামানকে গতকাল গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজিম উদ্দিন জানান, নারী নির্যাতন ও চুল কাটার অপরাধে মজিবুর ও তাঁর বাসার ভাড়াটে আনিসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নির্যাতনের সময় আনিসুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অপর আসামি হেনা বেগম পলাতক রয়েছেন।