হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের লাখাই উপজেলায় গতকাল শনিবার সকালে সংঘর্ষ হয়েছে। এতে চারজন পুলিশ কর্মকর্তা ও নারীসহ অন্তত ৬০ আহত হয়েছেন। আহত ২২ জনকে সদর জেলা হাসপাতালে এবং তিনজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন: লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ, উপপরিদর্শক মঞ্জুর মির্জা ও কনস্টেবল কামরুজ্জামান। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তেঘরিয়া গ্রামের শামসুনাহারের সঙ্গে হাওরের জমি নিয়ে একই গ্রামের ফজলুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন বল্লম ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তা প্রায় ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১৯টি শেল নিক্ষপ করে এবং ৩৮টি রাবার গুলি ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গেও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেলের আঘাতে পুলিশ কর্মকর্তারা আহত হন। এ ছাড়া লাঠিসোঁটা ও বল্লমের আঘাতে অন্যরা আহত হন।